সেদিন কী ঘটেছিল রাতের গভীরে
ঢাকার শাপলা চত্বরে আমাকে জানাও
আমাকে জানাও সে রাতে—
কী পরিমাণ বুলেট নিক্ষিপ্ত হয়েছিল
কত শত-সহস্র বুক বুলেটবিদ্ধ হয়েছিল
কোথায় তাদের লাশ—আমাকে জানাও
আমাকে জানাও কতটা ভয়ংকর ছিল সেই রাত
কতটা বীভৎস ছিল সেই দৃশ্য
আমাকে জানাও
’৭১-এর গণহত্যা
২৫শে মার্চের গণহত্যার চেয়েও কি
ভয়ানক ছিল না ৫ মে’র গণহত্যা?
আমাকে জানাও
আমারও জানার অধিকার আছে
কারণ আমি এই দেশেরই নাগরিক
এবং ক্রয়কৃত বুলেট-বোমা ও
হত্যাকারীদের বেতন-ভাতায়
আমার অর্থের অংশীদারিত্ব রয়েছে
সুতরাং আমাকেও জানাতে হবে
৫ মে ঢাকার শাপলা চত্বরে রাতের গভীরে
সংঘটিত পরিকল্পিত গণহত্যা সম্পর্কে
সেই কালো রাতে কত শত-সহস্র
তাজা বুক বুলেটবিদ্ধ হয়েছিল
আমাকে জানাতে হবে—
আমাকে জানাতে হবে সেই সকল লাশগুলি
কোথায় লুকানো হয়েছে
৫ মে’র কালো রাতে সংঘটিত সকল সত্যই
আমাকে জানাতে হবে
তা না হলে সেই সকল লাশগুলি একত্রিত হয়ে
মিছিল করবে তোমাদের বিরুদ্ধে
তোমাদের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দেবে লুকানো কঙ্কালগুলি
সাক্ষ্য দেবে বুড়িগঙ্গা
সাক্ষ্য দেবে নর্দমা ও ডাস্টবিন
সাক্ষ্য দেবে হাজারো নিক্ষিপ্ত বুলেট
সাক্ষ্য দেবে রক্তাক্ত বুলডোজার
সাক্ষ্য দেবে লাশ বহনকারী ট্রাকের বহর
সাক্ষ্য দেবে প্রতিটি বধ্যভূমি
সাক্ষ্য দেবে নিকোটিন ও ব্যবহার্য মারণাস্ত্র
তারা সমস্বরে প্রতিবাদ করে উঠবে
সহসা জ্বলে উঠবে দাউ-দাউ করে
তাদের অন্তরাত্মার ভয়ংকর দাবানল
সুতরাং আমাকে জানাও সেই কালো রাতের সঠিক পরিসংখ্যান
কারণ আমারও জানার অধিকার আছে
আমি তো জন্মসূত্রে বাংলাদেশেরই এক নাগরিক
কাদের তোমরা হত্যা করেছ!
দেখ আজ তারা সকলেই নক্ষত্র হয়ে গেছে
এবং দুর্বার ভঙ্গিতে দাঁড়িয়ে গেছে তোমাদের প্রতিপক্ষে।