হোম > সাহিত্য সাময়িকী > কবিতা

তুমি দেশি কবিতা

মুহিম মাহফুজ

আধুনিক কবিতার পর

তুমি দেশি কবিতার মতো সুন্দর

প্রমিত ব্যাকরণে তোমারে যতোই সাজাই

বিদেশি বিদেশি লাগে,

তুমি আমার ভাষাভঙ্গির মতো সরল

বৈশাখী বাতাসের মতো তুমি ব্যাকরণের বাইরে দেশীয় ঝড়ের নিজস্বতা

আমি তোমারে কোনোভাবেই বহিরাগত উচ্চারণে ভালোবাসতে পারি না গো

Ñপুরোপুরি, মন খুইলা

তোমারে ভালোবাসতে গেলেই ব্যাকরণ ভাইঙ্গা যায়

আর তুমি পদ্মার ভাঙনের মতো আগাইয়া আসো আমার সংস্কারের দিকে

তোমার সামনে আমার শরম করে, অসহায় লাগে

শরমে খুইলা যায় আত্মা, সেইখানে আমার সমস্ত ইতিহাস নিয়া তুমি ঢুইকা পড়ো

আমার দেশি কবিতার মতো সুরেলা তুমি

ঘরোয়া শব্দের মতন নিজস্ব মিল তুমি, মিষ্টি তুমি

তোমারে লিখতে আলাদা উপমা লাগে না আমারÑ

পাকনা ধানের আঁটি তোমার চুলের গোছা হয়া যায়

বরশাকালের পুকুর হইতে চায় তোমার চোখ

আলু ওঠানোর পর যেমনে শুইয়া থাকে শস্যদাত্রী খেত,

সেই খেতের নাড়ার কাড়িগুলি তোমার গালের গোটা

গালের ঘরোয়া গোটা আর জিব্বার দেশি উচ্চারণই তোমারে আমারে মিলাইছে

যেমনে মিলে আছে শীত ও সবজি না-শীত না-গরমের এই বাংলায়

আমার নতুন লেখা কবিতার মতো তুমি ক্ল্যাসিক্যাল

আমার ঐতিহ্যের মতো তুমি আনন্দ

শিকড়ের মতো তুমি আমার মৌলিক পরিচয়

তোমারে আই লাভ ইউ কইতে পারি ইমোশনালি

কইতে পারি তরজমাওÑ‘আমি তোমাকে ভালোবাসি’

কিন্তু বাংলার দিগন্তবিস্তৃত বিলের মইধ্যে গিয়া জোরে জোরে কইয়া দেখো এই কথামথা;

কেমন হাসি পাইবো তোমার!

জানো, মাঝে মইধ্যে তোমারে ভালোবাইসা সালাম দিতে মন চায়

যেমনে আমার বুজি দাদারে সালাম দিয়া ভালোবাইসা গেছে নিরানব্বই বছর চার মাস

আর ফুলোয়ারা বেগম সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহরে

তুমি আড়িয়াল বিলের কচুরি ফুলের মতো ইউনিক সৌন্দর্য

মিঠামইনের দেশি মুরগির মতো স্বাদ

তুমি থাকলে কইলজায় যে ঠান্ডা লাগে, আর পানি খাইতে লাগে না আমার চইতের রইদে গেলে

তুমি কি বাংলা ভাষার মতো নবীজির হাতের গেলাশে হাউসে কাউসারের পানি?

যারে একবার খাইলে আর জীবনেও পিপাসা লাগব না?

কফি কাপ

রাস্তাকাবারি

নসিব

সীমান্তের শকুন

সে কথা আজও বাতাসে ভাসে

প্রিয় হাদি

সবাই এবার হাদি হবো

শহীদ ওসমান হাদির লেখা সেই বিখ্যাত কবিতা

ইতিহাস

বৃষ্টিহীন জনপদে