ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামগ্রিকভাবে স্বচ্ছ, কারসাজিমুক্ত ও বিশ্বাসযোগ্য বলে মূল্যায়ন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। তবে ভোট গণনা ও ফলাফল ঘোষণার কিছু ধাপে সীমাবদ্ধতা এবং নির্দিষ্ট আসনে অনিয়মের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘সুজনের দৃষ্টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬’ শীর্ষক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সদস্য একরাম হোসেন লিখিত বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতা, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার বিভিন্ন পর্যায়ে তুলনামূলক স্থিতিশীলতা ছিল। বড় আকারের সহিংসতা বা ব্যাপক কারচুপির অভিযোগ সামনে না এলেও কিছু অনিয়মের তথ্য সংগঠনের পর্যবেক্ষণে উঠে এসেছে।
তিনি বলেন, নির্বাচনের দিন সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করেছে—যা ইতিবাচক। বিজয়ী দলের নেতাদের সঙ্গে পরাজিত প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ এবং পরাজিতদের অভিনন্দন বার্তা নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিচ্ছিল। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ইস্যুতে বিজয়ী ও পরাজিত পক্ষের মধ্যে মতবিরোধ এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে।
ভোট গণনা প্রসঙ্গে একরাম হোসেন বলেন, ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হলেও ঢাকাসহ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে গণনায় বিলম্ব হয়েছে। কিছু কেন্দ্রে ফলাফল প্রতিবেদনে ঘষামাজা, এজেন্টদের অগ্রিম স্বাক্ষর নেওয়া, স্বাক্ষরবিহীন ফলাফল পাঠানো ও গ্রহণের অভিযোগ এসেছে। এসব অনিয়মের অভিযোগ তুলে ১১ দলীয় জোট ৩০টি আসনে ব্যালট পুনঃগণনার দাবি জানিয়েছে। এ ধরনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী হবে বলে মনে করে সুজন।
সংবাদ সম্মেলনে সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং অধিকাংশ দল ফলাফল মেনে নিয়েছে—এটি গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য ইতিবাচক। তবে ঋণখেলাপি প্রার্থী ও দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে আগেই সুজন যে সুপারিশ দিয়েছিল, তা আইনগতভাবে অন্তর্ভুক্ত করা হলে বিতর্ক কমানো যেত বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি প্রশ্নে জনগণ রায় দিয়েছে—এমন দাবি রাজনৈতিক মহলে উঠেছে। তবে শপথ ও সংস্কার প্রসঙ্গে মতভেদ তৈরি হওয়ায় নতুন জটিলতা দেখা দিয়েছে। ক্ষমতাসীন দল জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বললেও বিরোধী শিবিরের আপত্তি পরিস্থিতিকে স্পর্শকাতর করে তুলেছে।
সুজনের মতে, নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক হলেও আস্থা সুদৃঢ় করতে অভিযোগগুলো দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তি করা জরুরি। পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য নির্বাচন-পরবর্তী বিশদ পর্যালোচনা প্রয়োজন বলেও সংগঠনটি জানিয়েছে।