হোম > জাতীয়

আ.লীগের সহিংসতা বন্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে শাহবাগে সমাবেশ

স্টাফ রিপোর্টার

জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং আওয়ামী সহিংসতা বন্ধ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছেন পাঁচটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) অংশ নেয়। সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশে এনপিএর সংগঠক অনিক রায় বলেন, আওয়ামী লীগ জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে চাইলেও তা সফল হবে না। নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগের সামনে এটাই একমাত্র পথ।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, বিভিন্ন ছোট দল একসঙ্গে হয়েছে। লুটতরাজ ও শোষণের সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক শক্তি আপস করলেও এসব দল কোনো আপস করবে না। এই ঐক্য আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে কোনো আসামির বাড়িঘর ভাঙচুর করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্র এখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি উল্লেখ করে এ জন্য রাষ্ট্রকে ধন্যবাদ জানান হাসনাত কাইয়ুম।

অল্টারনেটিভসের সংগঠক তাজনুভা জাবীন বলেন, জনগণের সঙ্গে ঐক্য গড়ে তুলতে হবে। এ জন্য সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে আলোচনায় বসা প্রয়োজন। জুলাই অভ্যুত্থানের পর পুনর্মিলনের (রিকনসিলিয়েশন) কথা বলা হয়েছিল। এই ঐক্য শুধু কয়েকটি রাজনৈতিক শক্তির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। জুলাইয়ের শক্তি বাংলাদেশের প্রতিটি ঘরে রয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, প্রতিটি আন্দোলনের পর আন্দোলনের ফসল ও সুফল সাধারণ মানুষের হাতছাড়া হয়ে যায়।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনপিএর সংগঠক মাঈন আহমেদ।

সমাবেশের আয়োজকদের বক্তব্যে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর চালানো হত্যাযজ্ঞে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং ১৩ হাজারের বেশি আহত হন। দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও শহীদ পরিবারগুলো পূর্ণাঙ্গ বিচার পায়নি। প্রধান আসামিকেও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

এদিকে চলতি সপ্তাহে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে দুটি থানায় অগ্নিসংযোগ, নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়িতে হামলা, মহাসড়ক ও রেল চলাচল বন্ধ এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন আয়োজকেরা। তাঁদের দাবি, বিচার এড়ানো ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব সহিংসতা চালানো হচ্ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

প্রধানমন্ত্রীর জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব

মামলার বিচারপ্রক্রিয়ায় গতিশীলতা আনতে হবে: প্রধান বিচারপতি

রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে: আহসান এইচ মনসুর

বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

মাতারবাড়ী সমুদ্রবন্দর ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হতে পারে না

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

বৈশাখী টিভির প্রধান সম্পাদক টিপু আলম মিলন আটক

আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি