মশার উপদ্রব বেড়ে যাওয়ায় দেশের সব বিমানবন্দর ও আশপাশের এলাকায় অবিলম্বে মশানাশক ওষুধ ছিটানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
এছাড়া যাত্রীদের চলাচলে সুবিধার জন্য বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তব্যে মন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রলি সংকট দ্রুত সমাধান করা জরুরি।
এজন্য দ্রুততম সময়ের মধ্যে ১০০০টি নতুন ট্রলি সংগ্রহের উদ্যোগ নেওয়ার বিষয়েও আফরোজা খানম গুরুত্বারোপ করেন। পাশাপাশি যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।