চলতি বছরের ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। চার দিনে ছয়টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে বলে এ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
এর আগে গত ২২ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষার ফরম পূরণ সম্পন্ন হয়েছিল, যেখানে স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ অংশগ্রহণের সুযোগ পায়।
মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর কুরআন মাজিদ ও তাজভীদ, ১০ ডিসেম্বর আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কুরআন মাজিদ ও তাজভীদ এবং আরবি প্রথম-দ্বিতীয় পত্রের পূর্ণমান ১০০, পরীক্ষার সময় আড়াই ঘণ্টা, আর বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট বরাদ্দ থাকবে। বাংলা ও ইংরেজি মিলে ৫০ করে মোট ১০০ নম্বর, একই দিনে ভিন্ন কোডে ও আলাদা উত্তরপত্রে পরীক্ষা হবে। একইভাবে গণিত ৬০ ও বিজ্ঞান ৪০ নম্বর মিলিয়ে মোট ১০০, সময় ২ ঘণ্টা ৩০ মিনিট, এই দুই বিষয়ও একই দিনে ভিন্ন কোড ও আলাদা উত্তরপত্রে অনুষ্ঠিত হবে।
এনসিটিবি প্রণীত পাঠ্যপুস্তক থেকে বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুযায়ী পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে আসন নিতে হবে এবং কমপক্ষে সাত দিন আগে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে এবং উত্তরপত্র কোনোভাবেই ভাঁজ করা যাবে না। শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর ও মোবাইল-স্মার্ট ঘড়িসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে আনা যাবে না বলে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে।