কৃষকদের মাঝে আপাতত সুদবিহীন ঋণ বিতরণের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে কৃষকদের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন অর্থমন্ত্রী।
সুদবিহীন ঋণ বিতরণের অপারগতার কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী জানান, বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত আমানতকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তা পরবর্তীতে ঋণ হিসেবে বিতরণ করে। যেহেতু সংগৃহীত আমানতের ওপর ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে সুদ পরিশোধ করতে হয়, তাই প্রচলিত নিয়মে ব্যাংকের পক্ষে গ্রাহকদের মাঝে পুরোপুরি সুদবিহীন ঋণ বিতরণ করা সম্ভব হয়ে ওঠে না।
সুদবিহীন ঋণ না থাকলেও কৃষকদের সুবিধার্থে সরকার সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই পর্যন্ত তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে ওই এলাকায় মোট ২৯ কোটি ৩৮ লাখ টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। এর একটি বড় অংশে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া দেশের কৃষিপণ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিয়ে ডাল, তেল, বীজ, ভুট্টা ও মশলা জাতীয় ফসল চাষের জন্য নির্দিষ্ট খাতে আরও ৪ কোটি ৩১ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে বলে সংসদে জানান অর্থমন্ত্রী।