সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল লেখালেখিতে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। সাংবাদিকদের সাহিত্যচর্চায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সদস্যদের মধ্যে সাহিত্যচর্চার বিকাশ ও নতুন লেখক তৈরিতে এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।
মঙ্গলবার সকালে ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিকদের সাহিত্যচর্চায় উৎসাহিত ও সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতি দিতে ২০২৬ সালে ২৬ সদস্য লেখককে সম্মাননা দিয়েছে সংগঠনটি। সম্মাননাপ্রাপ্তদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় তাদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান আস্থা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যানের পক্ষে নুসরাত সুলতানা ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ মিজান, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা এবং কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি ও সুমন চৌধুরী।
সম্মাননাপ্রাপ্ত ২৬ সদস্য লেখক হলেন—তৌহিদুর রহমান, জীবন ইসলাম, আবদুল্লাহ জেয়াদ, মোরসালিন আহমেদ, আসিফ হাসান নবী, মুহাম্মদ নূরে আলম, এম এম বাদশাহ্, এম এম রাশেদ রাব্বি, আমিনুল হক ভূঁইয়া (ঋদি হক), হাসান হাফিজ, আবু আলী, রকিবুল ইসলাম মুকুল, প্রণব কুমার মজুমদার, সাঈদ আহমেদ খান, ইবরাহীম খলিল, সিরাজুল ইসলাম কাদির, জামশেদ নাজিম, কুদরাত-ই-খোদা, ইমরুল কায়েস, ইমরান উজ-জামান, আমিরুল মোমেনীন মানিক, মুহম্মদ মিজানুর রহমান (মিজান রহমান), জহিরুল ইসলাম, নির্মল চক্রবর্তী, সারওয়ার বাবর চৌধুরী ও শামসুজ্জামান শামস।