এশিয়ান কাপ
আগামী ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী এশিয়ান কাপের ২১তম আসর। এবারই প্রথমবার এ টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। গত জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। এরপর থেকেই এশিয়ান কাপ ঘিরে নারী দলের ব্যাপক প্রস্তুতির পরিকল্পনার কথা জানায় বাফুফে। এ পরিকল্পনার পুরোটা বাস্তবায়ন করতে পারেননি বাফুফে কর্তারা।
গত অক্টোবরে থাইল্যান্ড এবং নভেম্বর-ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজ মিলে মাত্র চারটি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে নারী দলের। অবশ্য প্রতিটি ম্যাচেই রয়েছে হারের রেকর্ড। থাইল্যান্ডে গিয়ে ৩-০ ও ৫-১ গোলে হেরেছে আফঈদা খন্দকাররা। এরপর ঘরের মাঠে মালয়েশিয়ার কাছে ১-০ এবং আজারবাইজানের কাছে ২-১ গোলে হারে তারা। টানা হারতে থাকা বাংলাদেশ অস্ট্রেলিয়া মিশনে যাওয়ার আগে আর কোনো প্রস্তুতি ম্যাচও খেলছে না।
আগে থেকে পরিকল্পনা ছিল, অস্ট্রেলিয়া যাওয়ার আগে থাইল্যান্ডে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেটিও এখন আর হচ্ছে না। ২০ ফেব্রুয়ারি সরাসরি অস্ট্রেলিয়া উড়ে যাবেন নারী ফুটবলাররা। ফলে টুর্নামেন্টের জন্য দলের প্রস্তুতিকে ঘিরে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে। এতে আসন্ন এশিয়ান কাপে যে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছে বাংলাদেশ, সেটি নির্দ্বিধায় বলে দেওয়া যায়।
এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এর মধ্যে চীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সর্বোচ্চ ৯টি এশিয়ান কাপের শিরোপা জিতেছে চীনের মেয়েরা। অন্যদিকে তিনবারের এশিয়ান কাপের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। এ দুটি দল যে বাংলাদেশের জন্য শক্ত প্রতিপক্ষ, সেটি আর বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না।
অপরদিকে উজবেকিস্তানও ভালো দল। সব মিলে এশিয়ান কাপে বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। এশিয়ান কাপে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার জন্য কী পর্যাপ্ত প্রস্তুতি নিতে পেরেছে নারী দলÑএমন প্রশ্নের জবাব নেই বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের কাছে। তিনি শুধু বললেন, ‘১৮ তারিখ সংবাদ সম্মেলনেই আপনাদের প্রশ্নের উত্তর দেব।’
টুর্নামেন্টের সময় ঘনিয়ে এলেও এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি বাফুফে। এ প্রসঙ্গে মুঠোফোনে কিরণ আমার দেশকে বলেন, ‘আমরা ১৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করব এবং দল দেব।’ নারী লিগ শেষ হওয়ার পর দুদিন হলো জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে। তবে কোচ পিটার বাটলারের চূড়ান্ত দলে কারা জায়গা পাচ্ছেন, সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।