সবার আগে পরিসংখ্যানটা জানি। ১৬ টেস্ট। হার ১৪টি। ড্র দুটি। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা ৮ টেস্টের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। বাকি ছয়টি টেস্ট হেরেছে বাংলাদেশ নিজ মাটিতে। মিরপুর এবং চট্টগ্রামে যে দুটি টেস্ট ড্র হয়েছিল ২০১৫ সালে, তাতে ক্রিকেটীয় পারফরমেন্স কম বৃষ্টির কল্যাণই বেশি! ড্র হওয়া মিরপুর টেস্টের পাঁচ দিনের মধ্যে খেলা হয়েছে মাত্র একদিনের। বৃষ্টির পেটে গেছে ম্যাচের বাকি চারদিন। চট্টগ্রামে ড্র হওয়া টেস্টেও বৃষ্টির দাপট ছিল। ম্যাচের শেষ দুদিন খেলাই হয়নি। তাই মাঠে ‘খেলে’ ড্র করার যে আনন্দ এবং মর্যাদা সেটা অন্তত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কখনোই করে দেখাতে পারেনি বাংলাদেশ।
প্রশ্ন হলোÑএবার পারবে?
সেই চ্যালেঞ্জ নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ টেস্ট দল।
২০২২ সালের সর্বশেষ সফরেও দুই টেস্ট ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। সেই অপেক্ষা ঘোচাতে ১৫ নভেম্বর ওয়ান্ডারার্সে নামছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট সেঞ্চুরিয়নে, ২৩ নভেম্বর থেকে। মিরপুর আর সিলেটের উইকেটে অভ্যস্ত বাংলাদেশের ব্যাটারদের জন্য ওয়ান্ডারার্স ও সেঞ্চুরিয়ন কি নিয়ে অপেক্ষা করছে কে জানে?
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর টেস্টে নিজেদের গল্পটা বদলে দিয়েছিল বাংলাদেশ। তবে সেই টেস্টে জয়ের পর থেকেই এই ফরমেটে বাংলাদেশের পিছুহাঁটা শুরু হয়েছে। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে প্রায় জেতা ম্যাচ ড্র হয়েছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারতে হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্নও মূলত শেষ। এখন বাকি শুধু নিজেদের ফিরে পাওয়ার লড়াই ও নতুন করে শুরুর সুযোগ।
দক্ষিণ আফ্রিকা এখন টেস্টে এক নম্বর। অস্ট্রেলিয়াকে তারা ২-১ ব্যবধানে হারিয়েছে। টেম্বা বাভুমা করেছেন ক্যারিয়ারসেরা ১৭৯। কেপটাউনে সিরিজ জেতানো ইনিংস খেলেছেন রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, এনরিখ নরকিয়াদের নিয়ে পেস আক্রমণ ভয়ংকর। সঙ্গে আছে কেশব মহারাজ ও সাইমন হারমারের স্পিনও। ওয়ান্ডারার্সের কিউরেটর ব্রেন্ডন ফ্রস্ট চান গতি আর বাউন্স, যা টিকবে পাঁচ দিন। স্বাগতিকরা ডি জর্জি ও জুবায়ের হামজাকে ফিরিয়ে ব্যাটিং সাজিয়েছে। অর্থাৎ নতুন বলই হবে আসল লড়াই।
এই সিরিজে বাংলাদেশের শক্তির জায়গা অভিজ্ঞতা আর স্পিন। মুশফিকুর রহিম, লিটন দাস ও মুমিনুল হক আছেন। ইনজুরির ধাক্কা কাটিয়ে ফিরেছেন মুমিনুল। আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। সিলেটে অপরাজিত ২৪২ রান করে এসেছেন তাওহিদ হৃদয়। দুর্বলতা শুরুতেই। ওপেনিংয়ে ভরসা চার বছর পর ফেরা নাঈম শেখ আর অভিষেকের অপেক্ষায় থাকা মাহফিজুল ইসলাম রবিন। বোলিংয়েও নাহিদ রানা নেই। তাসকিন, হাসান মাহমুদ, শরিফুল, এবাদতের সঙ্গে ফিরেছেন খালেদ আহমেদ। আগস্টে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল ইনিংস ব্যবধানে হেরেছিল। বাউন্স আর মুভমেন্টের সেই কঠিন পাঠ ভোলার নয়। তবে সবুজ উইকেট পেসারদের জন্যও সুযোগ। প্রথম ঘণ্টায় সাফল্য পেলে ম্যাচের হাওয়া ঘুরে যেতে পারে।
প্রশ্নটা এখন একটাই। বাউন্সি উইকেটে বুক চিতিয়ে দাঁড়াবেন কে? উত্তরের শুরুতে থাকবেন হৃদয়। আত্মবিশ্বাস এখন তার সঙ্গী। মুশফিক আছেন অভিজ্ঞতার ঢাল হয়ে। লিটনের ব্যাটে দ্রুত রান তুলে চাপ ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আছে। আর টেস্টে প্রথমবারের মতো সুযোগ পাওয়া ওপেনার রবিন? ঘরোয়া ক্রিকেটে ৬৭২ রান, গড় ৭৪.৬৭। এবার ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে তার সাহস দেখানোর সুযোগ।
ইতিহাস লিখতে সাহস লাগে। দুই টেস্টের এই সিরিজে সেই সাহসই দেখাক পুরো বাংলাদেশ দল।