শেষ বাঁশি বাজতেই ডালাসের রাতটা যেন থমকে দাঁড়াল। স্পেনের খেলোয়াড়রা যখন উল্লাসে ভাসছে, ক্রিশ্চিয়ানো রোনালদো একবার কেবল তাকালেন গ্যালারির দিকে। চোখে অশ্রু, মুখে মৃদু হাসি। দৃষ্টিতে ছিল না কোনো ক্ষোভ, ছিল না কোনো অভিযোগ; ছিল শুধু দুই দশক ধরে বয়ে বেড়ানো এক অসমাপ্ত স্বপ্নের নীরব বিদায়।
বিশ্বকাপ আবারও তাকে শূন্য হাতে ফিরিয়ে দিল।
এবারও।
এবং শেষবারের মতো।
ফুটবলের ইতিহাসে এমন পূর্ণতা খুব কম খেলোয়াড়ই ছুঁতে পেরেছেন। পাঁচটি ব্যালন ডি'অর, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো চ্যাম্পিয়নশিপ, দুটি উয়েফা নেশনস লিগ, ইংল্যান্ড, স্পেন ও ইতালির লিগ শিরোপা, ক্লাব বিশ্বকাপ, আন্তর্জাতিক ফুটবলে ১৪০-এর বেশি গোল, পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড—তালিকা লিখতে গেলে পৃষ্ঠা ফুরিয়ে যায়। অথচ এই বিশাল সাম্রাজ্যের মাঝখানে একটি ঘর আজও ফাঁকা। সেখানে লেখা থাকার কথা ছিল ‘ফিফা বিশ্বকাপ’।
২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছিলেন তরুণ রোনালদো। তখন তিনি ছিলেন সম্ভাবনার প্রতীক। পর্তুগাল সেবার সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল, কিন্তু ফ্রান্সের কাছে হেরে স্বপ্ন থেমে যায়। অনেকেই ভেবেছিলেন, সামনে তো আরও অনেক বিশ্বকাপ পড়ে আছে। কিন্তু ফুটবল কখনো ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় পর্তুগালের যাত্রা থামে শেষ ষোলোতে। ২০১৪ সালে ব্রাজিলে আরও হতাশা, গ্রুপ পর্বই পেরোতে পারেনি দল। ২০১৮ সালে রাশিয়ায় স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকে মুগ্ধ করেছিলেন রোনালদো। সেই ম্যাচ আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় ব্যক্তিগত পারফরম্যান্স। কিন্তু শেষ ষোলোর বাধা আর টপকানো হয়নি।
২০২২ সালে কাতারে সবচেয়ে কাছে গিয়েও কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছিলেন তিনি। আর ২০২৬ সালে, ৪১ বছর বয়সে, শেষ নাচটাও থেমে গেল স্পেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে।
ছয়টি বিশ্বকাপ। একটিও ট্রফি নয়।
কেবল অপূর্ণতা।
তবু সংখ্যার ভাষায় তিনি অনন্য। বিশ্বকাপে ২৭টি ম্যাচ, ১১টি গোল। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপেই গোল করার নজির গড়েছেন তিনি। কিন্তু রেকর্ডের পাহাড়ও তাকে এনে দিতে পারেনি সেই সোনালি ট্রফি। ফিফার সবচেয়ে বড় মঞ্চে তার সেরা দলীয় সাফল্য হয়ে রইল ২০০৬ সালের সেমিফাইনাল। ব্যক্তিগত উজ্জ্বলতার মঞ্চে দলগত হতাশার গল্প!
অদ্ভুত এক বৈপরীত্য।
লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা, পেলে কিংবা জিনেদিন জিদান; কিংবদন্তির মুকুটে বিশ্বকাপের হীরা জ্বলজ্বলে। রোনালদোর মুকুটে সেই হীরাটি নিশ্চিহ্ন। তবুও কি তার কিংবদন্তি ম্লান? সম্ভবত না।
ককিংবদন্তি শুধু ট্রফি দিয়ে তৈরি হয় না; তৈরি হয় অসম্ভবকে সম্ভব করার গল্পে, অবিশ্বাস্য ধারাবাহিকতায়, নিজের সীমা প্রতিদিন ভেঙে নতুন উচ্চতায় ওঠার ক্ষমতায়।
রোনালদো সেই মানুষ, যিনি একুশ বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজেকে ধরে রেখেছেন। তিন প্রজন্মের ফুটবলারকে দেখেছেন, তাদের সঙ্গে খেলেছেন, তাদের বিপক্ষেও লড়েছেন। সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকার এই গল্পও কম বিস্ময়কর নয়।
তবু বিশ্বকাপ যেন তাকে বারবার মনে করিয়ে দিয়েছে—ফুটবল কেবল পরিশ্রমের নয়, নিয়তিরও খেলা। এখানে সবকিছু জিতেও সবচেয়ে বড় পুরস্কারটি হারিয়ে যেতে পারে।
ডালাসের সেই শেষ বাঁশি তাই শুধু একটি ম্যাচের সমাপ্তি নয়; সেটি ছিল এক মহাকাব্যের শেষ অধ্যায়। যে মহাকাব্যে ছিল অগণিত গোল, অসংখ্য রেকর্ড, কোটি মানুষের ভালোবাসা, কিন্তু ছিল না বিশ্বকাপ জয়ের শেষ লাইনটি।
হয়তো কয়েক দশক পর কেউ আর মনে রাখবে না ২০২৬ সালের সেই শেষ ষোলোর ম্যাচের স্কোরলাইন। কিন্তু মানুষ মনে রাখবে এক ফুটবলারের গল্প, যিনি ছয়টি বিশ্বকাপ খেলেও স্বপ্ন দেখা বন্ধ করেননি। প্রতিবারই বিশ্বাস করেছিলেন, ‘হয়তো এবার...’
শেষ পর্যন্ত সেই ‘এবার’ আর আসেনি।
রোনালদোর বিশ্বকাপ-গল্প ব্যর্থতার নয়, অপূর্ণতার। আর অপূর্ণতারও এক অদ্ভুত সৌন্দর্য আছে। সব কবিতা শেষ লাইনে পূর্ণতা পায় না, সব সুর শেষ নোটে গিয়ে থামে না। কিছু সৃষ্টি অসমাপ্ত বলেই যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকে।
রোনালদোর বিশ্বকাপও তেমনই একটি অসমাপ্ত কবিতা; যার শেষ স্তবকে ট্রফি নেই, আছে দীর্ঘশ্বাস। জীবনানন্দের বিষণ্ন বিকেলের মতো, মাইকেল মধুসূদনের অপূর্ণ আকাঙ্ক্ষার মতো; পূর্ণতা নয়, অপূর্ণতাই কখনও কখনও মানুষকে অমর করে তোলে। রোনালদোও আছেন অমরত্বের সেই অপূর্ণ কবিতায়।