২০২৬ ফিফা বিশ্বকাপকে আরও বর্ণিল ও বৈচিত্র্যময় করে তুলতে বড় চমক নিয়ে এসেছে ফিফা। প্রথমবারের মতো তিন আয়োজক দেশ— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা— নিজেদের মাটিতে আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। প্রতিটি দেশের প্রথম ম্যাচের আগে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান।
ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়াম-এ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবে গ্র্যামিজয়ী মেক্সিকান ব্যান্ড মানা। পাশাপাশি মঞ্চ মাতাবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, জে বালভিন, লিলা ডাউন্স ও জনপ্রিয় ব্যান্ড লস অ্যাঞ্জেলস আজুলস।
ফিফার তথ্য অনুযায়ী, মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানজুড়ে দেশটির ঐতিহ্য, আদিবাসী সংস্কৃতি ও আধুনিক লোকজ শিল্পের মেলবন্ধন তুলে ধরা হবে।
অন্যদিকে কানাডায় বিশ্বকাপের যাত্রা শুরু হবে ১২ জুন। টরন্টোতে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনা। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেত্তে, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা ও জেসি রেইজ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ডিজে সঞ্জয় এবং বলিউড তারকা নোরা ফাতেহি।
কানাডার আয়োজনে বিশ্বকাপ ট্রফির মোজাইক অনুপ্রাণিত নকশা ও দেশটির বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরার পরিকল্পনা করেছে আয়োজকরা।
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুন, লস অ্যাঞ্জেলসে। সেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে জমকালো উদ্বোধনী কনসার্টে প্রধান আকর্ষণ থাকবেন মার্কিন পপতারকা ক্যাটি পেরি। আরও পারফর্ম করবেন র্যাপার ফিউচার, আনিতা, লিসা, রেমা ও টাইলা।
ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী আয়োজন এমনভাবে সাজানো হয়েছে যাতে বিশ্বকাপের বিশালতা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বিনোদনের শক্তিশালী উপস্থাপন নিশ্চিত করা যায়।
এবারের বিশ্বকাপ নানা কারণেই ইতিহাস গড়তে যাচ্ছে। এটিই প্রথম বিশ্বকাপ যেখানে অংশ নেবে ৪৮টি দেশ। পাশাপাশি প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে আয়োজন করছে ফুটবল মহাযজ্ঞ। এর আগে ২০০২ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়া ও জাপান।