হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে ফুটবলের চেয়ে এখন যেন বেশি আলোচনা ভিসা নিয়ে। একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে স্বাগতিক দেশগুলোর অভিবাসন নীতি। নতুন করে সেই তালিকায় যোগ হলো কানাডা।

ঘানার সহ-অধিনায়ক টমাস পার্টির ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে কানাডা সরকার। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দলের অন্যতম সেরা এই মিডফিল্ডারকে পাচ্ছে না ঘানা।

এর আগে একই ধরনের ঘটনার শিকার হন সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আর্তান। ফিফার নির্বাচিত এই রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রাখার পর তাকে ফেরত পাঠানো হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই সামনে এলো টমাস পার্টির ঘটনা।

বুধবার টরন্টোর বিএমও ফিল্ডে বিশ্বকাপের প্রথম ম্যাচে পানামার মুখোমুখি হবে ঘানা। কিন্তু সহ-অধিনায়ক পার্টি মাঠেই নামতে পারবেন না। কারণ, কানাডায় প্রবেশের অনুমতি মেলেনি তার।

কানাডা কেন তার ভিসা আবেদন বাতিল করেছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
তবে ধারণা করা হচ্ছে তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন মিলন নিপীড়নের কয়েকটি অভিযোগ ও মামলার প্রেক্ষিতেই সম্ভবত কানাডা তার ভিসা প্রত্যাখ্যান করেছে।
৩২ বছর বয়সী টমাস পার্টির বিরুদ্ধে সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ৪ জন ভিন্ন নারীর অভিযোগের ভিত্তিতে এসব মামলা করা হয়েছে। তবে নিজের আরজিতে টমাস পার্টি এইসব অভিযোগ অস্বীকার করেছেন। নিজেকে নির্দোষ দাবি করেছেন। আগামী বছর তার এই মামলাগুলোর বিচার শুরু হওয়ার কথা।

ঘানা দল বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টনে বিশ্বকাপ ক্যাম্প করছে। সেখান থেকেই দলের সঙ্গে টরন্টো যাওয়ার কথা ছিল পার্টির। কিন্তু শেষ মুহূর্তে ভিসা প্রত্যাখ্যাত হওয়ায় সফর বাতিল হয়ে যায়।

এদিকে এই বিষয়ে ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, স্বাগতিক দেশের ভিসা বা অভিবাসন প্রক্রিয়ায় তাদের কোনো ভূমিকা নেই। কোনো ব্যক্তি ভিসা পাবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের সরকারের।

অন্যদিকে কানাডার অভিবাসন বিভাগ জানিয়েছে, ব্যক্তিগত ভিসা আবেদন সম্পর্কে তারা মন্তব্য করে না। তবে দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার ক্ষেত্রেই একই আইন প্রয়োগ করা হয়। প্রয়োজন মনে হলে যে কাউকেই প্রবেশের অনুমতি না দেওয়ার ক্ষমতা রয়েছে অভিবাসন কর্মকর্তাদের।

প্রথম ম্যাচে খেলতে না পারলেও টমাস পার্টির পরের দুই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। কারণ ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘানার প্রথম রাউন্ডের বাকি দুটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে।

৩২ বছর বয়সী পার্টি ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত আর্সেনালের হয়ে খেলেছেন। গত মৌসুমে ফ্রি ট্রান্সফারে যোগ দেন স্পেনের ভিয়ারিয়ালে। জাতীয় দলের সহ-অধিনায়ক পার্টি এখন পর্যন্ত ঘানার হয়ে ৫৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২২ কাতার বিশ্বকাপেও দলের সব ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন তিনি।

বিশ্বকাপ শুরুর আগেই ভিসা জটিলতায় খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা ভোগান্তিতে পড়ায় ফিফার প্রস্তুতি ও স্বাগতিক দেশগুলোর সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আজতেকার অশ্রুভেজা রাতে হিমেনেজের প্রত্যাবর্তন

আজ মুখোমুখি কানাডা ও বসনিয়া

২৫ পাসের অনবদ্য গোলে প্রত্যাবর্তনীয় জয় দক্ষিণ কোরিয়ার

ইরানের কড়া হুঁশিয়ারি, ‘অননুমোদিত’ পতাকা বা স্লোগান উঠলেই ম্যাচ বন্ধ!

৯৬ বছর পর বিশ্বমঞ্চে মুখোমুখি যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে

বিশ্বকাপে ৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মোরা

তিন লাল কার্ডের ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ

এবারের বিশ্বকাপের প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের

দুই যুগ পরে মরিনহো ফের রিয়াল মাদ্রিদে

অখ্যাত দেশের ‘বিখ্যাত’ তারকারা