হোম > খেলা > ফুটবল

আমেরিকার ভিসা হয়নি, বিশ্বকাপ শুরুর আগেই শেষ সোমালি রেফারির!

স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম সোমালিয়ান রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করার সমস্ত প্রস্তুতি সম্পন্ন ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বেড়াজালে আটকে গেল ওমর আরতানের সেই ঐতিহাসিক স্বপ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়ালদের তালিকা থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে।

কূটনৈতিক পাসপোর্ট এবং ফিফার বৈধ টিকিট থাকা সত্ত্বেও মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে দেশে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠায়। বর্তমানে তিনি ইস্তাম্বুল (তুরস্ক) বিমানবন্দরে ট্রানজিটে অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্তৃপক্ষ আরতানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট করেনি। তবে মার্কিন গণমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকার অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে সোমালিয়া অন্যতম। বিমানবন্দরে রুটিন নিরাপত্তা স্ক্রিনিংয়ের সময় কিছু ‘যাচাইকরণ সংক্রান্ত উদ্বেগের’ অজুহাতে তাকে প্রবেশের অনুপযুক্ত ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকের পর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে, ২০২৬ বিশ্বকাপে আরতানের ম্যাচ পরিচালনার আর কোনো সুযোগ নেই। ফিফা এক বিবৃতিতে জানায়, আয়োজক দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভিসা নীতিতে হস্তক্ষেপ করার এখতিয়ার তাদের নেই।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ম্যাচ কর্মকর্তা ওমর আবদুলকাদির আরতান ২০২৬ বিশ্বকাপে প্রশিক্ষণ ও ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে পারবেন না। আয়োজক দেশের অভিবাসনসংক্রান্ত প্রক্রিয়া, ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের বিষয়ে ফিফার কোনো ভূমিকা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, আপাতত আরতানের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না।’

বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘ফিফার আগের আসরগুলোর মতো এবারও কোনো ব্যক্তি ভিসা পাবেন কি না এবং তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আয়োজক দেশের সরকারের হাতেই আছে।’

বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে নিজেদের প্রথম কোনো রেফারির এমন অপমানজনক প্রত্যাবর্তনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সোমালিয়ার ফুটবল ফেডারেশন ও দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলপ্রেমীরা এই ঘটনাকে ‘ক্রীড়াঙ্গনে রাজনীতির নগ্ন হস্তক্ষেপ’ বলে নিন্দা জানাচ্ছেন।

ঘরে এসেছে নতুন অতিথি, বিশ্বমঞ্চে মন ভালো নেই বাবার

বিশ্বকাপ ২০২৬ : কবে শুরু, কোথায় খেলা, নতুন ফরম্যাট কী, ফেভারিট কারা?

ভিসা জটিলতা নিয়ে ফিফার বিরুদ্ধে ক্ষোভ ইরানের

পবিত্র কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল ইরান

ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলিতে আহত ৯, নিরাপত্তার শঙ্কায় বিশ্বকাপ

লাল কার্ড, হাতাহাতি, মালদ্বীপের মাঠে বিশৃঙ্খলা

৭৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনছে সরকার

চোখধাঁধানো বিশ্বকাপ ফুটবল-২০২৬

মাঠেই ফের অসুস্থ এরিকসেন, বাতিল ডেনমার্ক-ইউক্রেন ম্যাচ

ইরাকের হুসেনকে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ