হোম > বিশ্ব

মস্কোয় বোমা হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প

পুতিনের সঙ্গে পুরোনো অডিও ফাঁস

আতিকুর রহমান নগরী

ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনে হামলা ঠেকাতে তিনি এক সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়েছিলেন—যদি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালায়, তবে তিনি মস্কোয় বোমা ফেলবেন। ২০২৪ সালে নিউইয়র্ক ও ফ্লোরিডায় নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অনুদানদাতাদের সঙ্গে একান্ত বৈঠকে এই মন্তব্য করেছিলেন ট্রাম্প। সেই বৈঠকের অডিও রেকর্ড হাতে পেয়েছে সিএনএন।

এতে শোনা যায়, ট্রাম্প বলছেন, ‘আমি পুতিনকে বলেছিলাম, আপনি যদি ইউক্রেনে ঢোকেন, আমি মস্কোয় বোমা ফেলব। আমার আর কোনো উপায় থাকবে না। তখন পুতিন বলেছিল, আমি বিশ্বাস করি না। তবে আমি জানি, অন্তত ১০ শতাংশ হলেও সে আমার কথা বিশ্বাস করেছিল।’

একই অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকেও তিনি এমন হুমকি দিয়েছিলেন। তিনি চিন পিংকে বলেছিলেন, যদি চীন তাইওয়ানে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র বেইজিংয়ে হামলা চালাবে।

ট্রাম্প বলেন, ‘তিনি (চিন পিং) আমাকে উন্মাদ ভাবতেন। তবে আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো সমস্যা ছিল না।’

ট্রাম্পের এসব মন্তব্য তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় দেওয়া। এই বৈঠকগুলোর অডিও রেকর্ড সংগ্রহ করেছেন সাংবাদিক জোশ ডসি, টাইলার পেজার ও আইজ্যাক আর্নসডরফ। তারা তাদের নতুন বই ‘২০২৪’-এ এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

এই অডিওগুলো আগে কখনো প্রকাশিত হয়নি। ট্রাম্পের প্রচারশিবির এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অডিওগুলোতে এমন এক ট্রাম্পকে দেখা যায়, যিনি জনসমক্ষে সাধারণত দেখা দেন না—বন্ধ দরজার আড়ালে বিত্তবান অনুদানকারীদের মন জয়ে তিনি খোলামেলা ও আগ্রাসী ভাষায় নিজের পররাষ্ট্রনীতির কথা তুলে ধরেছেন। তিনি শুধু বৈদেশিক হুমকির কথাই বলেননি, বরং যুক্তরাষ্ট্রে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনার কথাও প্রকাশ করেছেন।

পুতিন ও চিন পিংয়ের সঙ্গে কথোপকথনের উদাহরণ টেনে ট্রাম্প দাবি করেন, যদি তিনি জো বাইডেনের জায়গায় প্রেসিডেন্ট থাকতেন, তাহলে ইউক্রেন ও গাজার যুদ্ধ হতো না। যদিও বাস্তবতা হলো, এই দুটি যুদ্ধ এখনো চলমান।

এছাড়া গতকাল মঙ্গলবার হোয়াইট হাউজের মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প আবারো পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, আমি পুতিনের ওপর খুশি নই। আমি তার আচরণে খুবই অসন্তুষ্ট। তিনি শান্তিচুক্তিতে রাজি হচ্ছেন না, বরং যুক্তরাষ্ট্রকে নিয়ে বাজে কথা বলছেন। সূত্র: সিএনএন

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি