সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া
সিরিয়ায় ইসরাইলি সামরিক উপস্থিতি নিয়ে আলোচনা করতে আজারবাইজানে তেলআবিব ও দামেস্কের কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। শনিবার ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
দামেস্কের এক কূটনৈতিক সূত্র শনিবার সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র আজারবাইজান সফরের ফাঁকে বাকুতে সিরিয়া এবং ইসরায়েলি কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি আরো জানিয়েছে, সিরিয়ায় অন্তবর্তী সরকারের প্রধান ব্যক্তিগতভাবে এই বৈঠকে যোগ দেবেন না।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শনিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠক করতে বাকুতে গেছেন।
আজারবাইজানের প্রেসিডেন্টের এক বিবৃতি অনুসারে, বাকু তুরস্কের মাধ্যমে সিরিয়ায় গ্যাস রপ্তানি শুরু করবে।
আজারবাইজানে অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ইসরাইল। জোলানির নেতৃত্বে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
আসাদ সরকারের পতনের পর, ইসরাইল জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনেও সেনা মোতায়েন করেছে। পাশাপাশি সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন করে একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরাইল।
চলতি জুলাই মাসের শুরুতে, সিরিয়ার অন্তবর্তী সরকার ইসরাইলের সঙ্গে ১৯৭৪ সালের চুক্তি পুনর্বহাল করতে ওয়াশিংটনকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জুন মাসের শেষের দিকে বলেছিলেন, তেলআবিব সিরিয়ার সঙ্গে শান্তি ও স্বাভাবিকীকরণ চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
প্রেস টিভি জানায়, ২০২৬ সালের মধ্যে একটি স্বাভাবিকীকরণ চুক্তিতে পৌঁছাতে আলোচনা করছে সিরিয়া-ইসরাইল।
লেবানন সফরের সময়, সিরিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক নিশ্চিত করেছেন, সিরিয়া ও ইসরাইলের মধ্যে সংলাপ শুরু হয়েছে।
আরএ