যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল। একই পরিস্থিতি আবার তৈরি হলে প্রেসিডেন্ট হিসেবে তিনি একই সিদ্ধান্ত নিতেন। নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনীতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পক্ষে যুক্তি তুলে ধরার পাশাপাশি ওই সময়ের বিভিন্ন অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
আত্মজীবনীতে বাইডেন উল্লেখ করেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে সে সময় তার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি উদ্বেগ প্রকাশ করেছিলেন।
বাইডেন জানান, মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর দেশটির সরকার অন্তত ৬ মাস ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল। তবে বাস্তবে মার্কিন বাহিনী প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই আফগান সরকারের পতন ঘটে। দ্রুত তালেবানের ক্ষমতা দখলের মধ্য দিয়ে দেশটির পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী সময়ে বাইডেন প্রশাসনের অধীনেই ২০২১ সালে সেই প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়।
আত্মজীবনীতে শুধু আফগানিস্তান ইস্যুই নয়, আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা এবং বিশ্বনেতাদের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও অভিজ্ঞতা তুলে ধরেছেন বাইডেন।
গাজায় ইসরাইলি হামলায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি। বইটিতে এ বিষয়ে নিজের অনুভূতির কথা উল্লেখ করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়েও নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন বাইডেন। পুতিনের আচরণকে ‘বদমেজাজি’ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, বিভিন্ন বৈঠকে পুতিন ইচ্ছাকৃতভাবে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে কিংবা গুটিয়ে বসতেন। বাইডেনের ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে পুতিন একজন অনাগ্রহী কিশোরের মতো মনোভাব প্রকাশের চেষ্টা করতেন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিনয়জীবনের অভিজ্ঞতাকে যুদ্ধকালীন নেতৃত্বের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখেছেন বাইডেন। তার মতে, অভিনেতা হিসেবে জেলেনস্কির পূর্ব অভিজ্ঞতা যুদ্ধের কঠিন সময়ে দেশ পরিচালনায় কাজে এসেছে।
নিজের প্রেসিডেন্সির নানা অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে লেখা বাইডেনের আত্মজীবনীটির নাম ‘প্রমিজ মি, আমেরিকা’। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর বইটি প্রকাশিত হয়েছে।
এআরবি