যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটির আবাসনে বসবাস শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একাধিক মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা। শত বছরের বেশি পুরোনো এসব বাড়ি সাধারণ মানুষের বসবাসের এলাকা থেকে বিচ্ছিন্ন এবং কঠোর নিরাপত্তাবেষ্টিত। অতীতে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের জন্য নির্ধারিত এসব আবাসন এখন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রায় ছয়জন সদস্য বর্তমানে ওয়াশিংটনের সামরিক আবাসনে বসবাস করছেন। এটি ঐতিহাসিকভাবে অনেক বেশি কেননা অতীতের প্রশাসনগুলোতে এই সংখ্যাও অনেক তুলনায় এই সংখ্যা অনেক বেশি। বিদেশি শত্রুদের হুমকি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক সহিংসতা বেড়ে যাওয়ায় কর্মকর্তারা এমন নিরাপদ আবাসন বেছে নিচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, ইরান ওয়াশিংটনে তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে সক্ষম ‘ডার্টি বোমা’ অথবা রাসায়নিক অস্ত্র বিস্ফোরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে বলে আশঙ্কা রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা ও বিভিন্ন হুমকিও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
সম্প্রতি ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট জর্জটাউনের নিজস্ব বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন। চলতি মাসের শুরুতে এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানান, ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ায় তাকে আবাসন পরিবর্তন করতে হয়েছে। ইরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নেতৃত্ব দিয়েছেন তিনি।
বেসেন্ট বলেন, ইরানের নেতারা তাকে ও মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছেন। তবে এসব হুমকিতে তিনি ভীত নন।
নিরাপত্তা উদ্বেগে সম্প্রতি সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চও। তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক ঘাঁটির আবাসনে বসবাস করেছেন।
অন্যদিকে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার স্ত্রী কেটি গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে ফোর্ট ম্যাকনেইরের সামরিক আবাসনে ওঠেন। তাদের চার সন্তান রয়েছে। তাদের বাড়ির সামনে এক নারী বিক্ষোভ করার পাশাপাশি পরিবারের বাসার ঠিকানা প্রচার করেছিলেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, মিলার পরিবারকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে অনুসরণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ ও হুমকির ঘটনা ঘটছিল।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ফোর্ট ম্যাকনেইরের সামরিক আবাসনে বসবাস করছেন। তবে গত বছর তার বাসভবনের সংস্কার ও উন্নয়নে সেনাবাহিনীর ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের প্রস্তুতির খবর প্রকাশের পর সমালোচনা শুরু হয়।
আবাসন ভাড়া ও আইনি বিতর্ক
সামরিক আবাসনে বসবাসের জন্য কর্মকর্তাদের ভাড়া দিতে হয়। বাড়ির ধরন অনুযায়ী সাধারণত মাসে ৪ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হয়। এ ব্যবস্থার ভিত্তি তৈরি করেছিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। তিনি জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার প্রশাসনে দায়িত্ব পালন করেন।
গেটস ছিলেন প্রথম প্রতিরক্ষামন্ত্রী, যিনি সামরিক ঘাঁটির আবাসনে বসবাস শুরু করেন। নেভি হিল এলাকায় পররাষ্ট্র দপ্তরের পাশে উনিশ শতকের একটি বড় বাড়িতে থাকতেন তিনি। সে সময় আইন অনুযায়ী, সামরিক ঘাঁটির আবাসনে বসবাসকারী বেসামরিক কর্মকর্তাদের স্থানীয় এলাকার সমমানের বাড়ির বাজারদর অনুযায়ী ভাড়া দিতে হতো। ফলে গেটসকে মাসে ৬ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হতো।
২০০৮ সালে পেন্টাগন এ ভাড়া কমানোর জন্য আইনে পরিবর্তনের প্রস্তাব দেয়। যুক্তি ছিল, সামরিক ঘাঁটির বিদ্যমান নিরাপত্তা-ব্যবস্থা ব্যবহার করায় করদাতাদের অর্থ সাশ্রয় হয়। ব্যক্তিগত বাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত কর্মী ও সরঞ্জামের প্রয়োজন পড়ে না। পরে কংগ্রেস এ প্রস্তাবে সম্মতি দেয়। এরপর থেকে প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেল বা অ্যাডমিরালদের ভাড়ার চেয়ে মাত্র ৫ শতাংশ বেশি দিয়ে এসব আবাসনে থাকার সুযোগ পান।
ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস আবার সামরিক আবাসনে বসবাস শুরু করেন। ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই ধরনের আবাসনে থাকার আগ্রহ দেখালেও নৌবাহিনী আইনি, আর্থিক ও নৈতিক জটিলতার কথা তুলে ধরে আপত্তি জানায়। পরে তিনি ভার্জিনিয়ার ফোর্ট মায়ার সামরিক ঘাঁটিতে বসবাস করেন।
নাগরিকদের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন শীর্ষ কর্মকর্তারা
ওয়াশিংটনের সামরিক আবাসনে সরকারি কর্মকর্তাদের বসবাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। সামরিক বাহিনীর সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা কীভাবে বসবাস করছেন, তাদের নিরাপত্তা হুমকির যৌক্তিকতা কী এবং তারা যথাযথ ভাড়া দিচ্ছেন কি না—এসব বিষয়ে তদন্তের দাবি উঠেছে।
ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডসের উদ্যোগে প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটি আগামী বসন্তের মধ্যে এ বিষয়ে পেন্টাগনের কাছে প্রতিবেদন চেয়েছে।
আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান বলেন, নিরাপত্তার কারণে সরকারি কর্মকর্তারা আগে থেকেই সাধারণ মানুষের জীবনযাপন থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকেন। তবে সামরিক ঘাঁটিতে বসবাসের ফলে সেই বিচ্ছিন্নতা আরও বাড়ছে।
তার মতে, সরকারি কর্মকর্তাদের সাধারণ মানুষের সঙ্গে একই এলাকায় বসবাসের যে গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফোর্ট ম্যাকনেইর ঘাঁটিকে তিনি দেয়ালঘেরা আলাদা এক জগৎ হিসেবে বর্ণনা করেছেন।
তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেছেন, ওয়াশিংটনে অপরাধ কমেছে। নিরাপত্তা হুমকির কারণে কয়েকজন মন্ত্রী শহরের সাধারণ আবাসিক এলাকায় থাকতে পারছেন না। তা সত্ত্বেও রাজধানীকে নিরাপদ ও সুন্দর করতে তারা প্রশাসনের উদ্যোগে ভূমিকা রাখছেন।
কান আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকারি কর্মকর্তাদের ওপর হুমকি বাড়তে থাকায় ভবিষ্যতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের প্রশাসনেই সামরিক ঘাঁটিতে বসবাসের প্রবণতা বাড়তে পারে।
এমএমআর