ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা হরমুজ প্রণালীর কার্যক্রম তদারকির জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, নতুন এই সংস্থার নাম রাখা হয়েছে “পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ”। সংস্থাটি হরমুজ প্রণালীর কার্যক্রম ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক বা রিয়েল-টাইম তথ্য সরবরাহ করবে বলে জানানো হয়েছে।
এ উপলক্ষে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে। সেখানে বলা হয়, নতুন কর্তৃপক্ষটি “হরমুজ প্রণালীর কার্যক্রম এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রিয়েল-টাইম আপডেট” প্রদান করবে।
উল্লেখ্য, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালীকে ঘিরে দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। নতুন সংস্থা গঠনের মাধ্যমে ইরান ওই অঞ্চলে নজরদারি ও তথ্য ব্যবস্থাপনা আরও জোরদার করতে চায় বলে ধারণা করা হচ্ছে।