ইরানের দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে পারমাণবিক বোমা তৈরির অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাবাভিয়ান জানান, পবিত্র নগরী কোমে আয়োজিত একটি সমাবেশে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। এ সময় উপস্থিত জনতার মধ্যে তার প্রস্তাবের প্রতি সমর্থনসূচক প্রতিক্রিয়া দেখা যায় বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার দীর্ঘদিনের অবস্থান পুনর্বিবেচনার দাবি জানিয়ে দেশটির কয়েকজন আইনপ্রণেতার বক্তব্যের মধ্যেই নাবাভিয়ানের এ মন্তব্য সামনে এল।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একটি ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন। তেহরানও বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
গত সেপ্টেম্বরে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই বলেছিলেন, পারমাণবিক অস্ত্রের বিষয়ে দেশটি আগের ধর্মীয় নির্দেশনা ও নীতিগত অবস্থানে অটল রয়েছে এবং তাদের পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি।
তবে ভবিষ্যতে কী ঘটবে, তা তারা জানেন না বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আলজাজিরা
আরএ