ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে চীনবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে তেহরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তাসনিম জানায়, গালিবাফ চীন-সংক্রান্ত বিষয়ে বিভিন্ন জাতীয় সংস্থার মধ্যে সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন।
প্রতিবেদন অনুযায়ী, এই নিয়োগের প্রস্তাব দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তা অনুমোদন করেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, গালিবাফের নিয়োগের ধরন বিবেচনায় তার দায়িত্ব ও কর্তৃত্ব আগের প্রতিনিধিদের তুলনায় ভিন্ন মাত্রার হবে।
তবে বিশেষ দূতের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইরানের সংসদ স্পিকার হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।
সূত্র: মিডল ইস্ট মনিটর।