যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি ইসরাইলকে যথেষ্ট সমর্থন করেন না—এমন কাউকে সিনেটের নেতা নির্বাচিত করলে দল ছাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির সিনেটর জন ফেটারম্যান।
শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় সিনেটের নেতৃত্ব নির্বাচনে তার এমন কোনো সীমারেখা আছে কি না, যা অতিক্রম করলে তিনি দল ছেড়ে যেতে পারেন—এমন প্রশ্ন করা হয়। জবাবে ফেটারম্যান বলেন, ‘হ্যাঁ, অবশ্যই।’
এক্ষেত্রে তিনি সিনেটর ক্রিস ভ্যান হোলেনের নাম উল্লেখ করেন। ইসরাইলের সমালোচক হিসেবে পরিচিত ভ্যান হোলেন বৃহস্পতিবার সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্বের পদে বর্তমান নেতা চাক শুমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন উল্লেখ করে তিনি দলের নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন।
ফেটারম্যান বলেন, ‘আমার দলের সদস্যরা যদি ভ্যান হোলেনের মতো কাউকে নির্বাচিত করেন, যিনি ইসরাইলবিরোধী ও দেশটির প্রতি বৈরী অবস্থান নিয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন, তাহলে তা উদ্বেগজনক হবে।’
তবে ভ্যান হোলেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হলে তিনি কী করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ফেটারম্যান।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেটে ৫৫টি আসন পেয়েছে। ফলে ফেটারম্যান দল ছাড়লেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে দলটি। এর আগে দলটি মাত্র ৫১টি আসন পেলে ফেটারম্যান রিপাবলিকান পার্টিতে যোগ দিতে পারেন বলে আলোচনা ছিল।
২০২৫ সালের সেপ্টেম্বরে গাজার সীমান্ত এলাকা পরিদর্শনের পর ভ্যান হোলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, গাজার বেসামরিক অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া এবং খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের মাধ্যমে ফিলিস্তিনিদের সেখান থেকে বিতাড়িত করার লক্ষ্য বাস্তবায়ন করছে নেতানিয়াহু সরকার।
ফেটারম্যানের রাজনৈতিক অবস্থানের অন্যতম প্রধান বিষয় ইসরাইলের প্রতি সমর্থন। তিনি দুবার ইসরাইল সফর করেছেন এবং ওয়াশিংটনসহ বিভিন্ন সময়ে অন্তত চারবার নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সূত্র: মিডল ইস্ট আই
এমএমআর