২০০৯ সালের শুরুর দিক থেকেই ইরানে হামলার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লবিং করছিলেন বলে জানিয়েছেন সিআইএ-এর সাবেক পরিচালক এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিব রবার্ট গেটস।
সোমবার আল-জাজিরার এক সংবাদে এ তথ্য জানা যায়। ২০০৯ সালের স্মৃতিচারণা করতে গিয়ে রবার্ট গেটস এ তথ্য জানান।
সিবিএস নিউজ-এর ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে কথা বলার সময় রবার্ট গেটস জানান, ২০০৯ সালের জুলাই মাসে নেতানিয়াহু তাকে বলেছিলেন, ইরানের শাসনব্যবস্থা অত্যন্ত নাজুক এবং ‘প্রথম আঘাতেই এটি ভেঙে পড়বে’।
গেটস ওই সময় নেতানিয়াহুর এই মূল্যায়ন প্রত্যাখ্যান করেছিলেন। তিনি নেতানিয়াহুকে বলেছিলেন তার এই ধারণা ‘একেবারে ভুল’ এবং তিনি ‘ইরানিদের সহনশীলতা ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে’ খাটো করে দেখছেন।
নেতানিয়াহুর এই দৃষ্টিভঙ্গিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইসরাইলের চালানো পূর্ববর্তী হামলার সঙ্গে যুক্ত করেন রবার্ট গেটস, যে হামলাগুলোর পর ইসরাইলকে সীমিত পাল্টা জবাবের মুখোমুখি হতে হয়েছিল। এর মধ্যে রয়েছে ১৯৮১ সালে ইরাকের ওসিয়াক পারমাণবিক চুল্লিতে এবং ২০০৭ সালে সিরিয়ার পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলা।
গেটস ইঙ্গিত করেন, ওই ঘটনাগুলো ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া কেমন হতে পারে, সে সম্পর্কে একটি ‘অবাস্তব অবস্থান’ তৈরি করতে ভূমিকা রেখেছিল।
সূত্র: আল-জাজিরা
এএম