ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরো সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৫৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ হাজার ৪৮৬ জন। খবর আলজাজিরার
এ ছাড়া একই সময়ে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৪১ জনের লাশ উদ্ধার করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের শুরু করা যুদ্ধে এ পর্যন্ত মোট ৭৪ হাজার ৪৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬০৪ জন।
নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছেন এবং সব এলাকায় উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না।