বরিশালের গৌরনদীতে টিকটক করতে বাধা দেওয়ায় মায়ের ওপর অভিমান করে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামের এক মাদরাসা ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।
জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে এবং সুন্দরদী গাউসিয়া আবেদিয়া সুন্নিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনদের বরাত দিয়ে রোববার সকালে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানিয়েছেন, পড়াশোনা বাদ দিয়ে টিকটক করায় জান্নাতুলের মা তাকে শনিবার বিকেলে বকাঝকা করেন। এতে মায়ের ওপর অভিমান করে সন্ধ্যায় সবার অজান্তে রান্নাঘরে গলায় ফাঁস লাগায় । স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমই