হোম > সারা দেশ > বরিশাল

নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবি

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

ক্যাম্পাসে রাজনৈতিক মিছিল, পাল্টাপাল্টি উত্তেজনা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। জেলার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের মধ্যেই বৃহস্পতিবার ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও বিভিন্ন স্লোগান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে মিছিল নিয়ে গোল চত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন। এ সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতার নামেও স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে বক্তব্যে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দাবি জানান। আগামী সাত কর্মদিবসের মধ্যে নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন করা না হলে নিজেরাই এসব কর্মসূচি বাস্তবায়নের হুঁশিয়ারি দেন।

এর আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

একের পর এক এমন ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও আনসার সদস্য ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্যাম্পাসে দেখা যায়নি। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়েও উদ্বেগ রয়েছে।

একদিকে রাজনৈতিক কর্মসূচি ও মিছিল, অন্যদিকে নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের শঙ্কা—সব মিলিয়ে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এমন পরিস্থিতিতে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরবে এবং শিক্ষা কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

বর্জ্য থেকে সম্পদ, ভোলায় এফডিএর পরিবেশবান্ধব উদ্যোগ

জাপানে জোড়া পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন নলছিটির মাহিয়ান

শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, উত্তাল সাগর

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: চরমোনাই পীর

আবেদনের পরদিনই অ্যাডিশনাল পিপি হিরনের স্থগিতাদেশ প্রত্যাহার

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর, নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার

ট্রাইব্যুনালে বিচারাধীন বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন

উজিরপুরে মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকী পালিত