মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আজম খান বলেছেন, চট্টগ্রামের ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘরে সংরক্ষিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত নিদর্শন ও মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সংগ্রহসমূহ যথাযথভাবে সংরক্ষণ করা হবে। জিয়ার স্মৃতিবিজড়িত আরো বিভিন্ন সামগ্রী প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার চট্টগ্রামের জিয়া জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী ইসরাক হোসেন, সংসদ সদস্য এরশাদউল্লাহ, জেলা প্রশাসকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।
মন্ত্রী বলেন, শতবর্ষী ও ঐতিহাসিক এই ভবনটি দেশের গুরুত্বপূর্ণ ঐতিহ্যের অংশ। তাই ভবনটিকে হেরিটেজ হিসেবে সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরোনো সার্কিট হাউজে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক নিদর্শন এবং মুক্তিযুদ্ধের সংগ্রহ যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, সাম্প্রতিক ভূমিকম্পে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্কার কাজ শুরু হয়েছে। মূল স্থাপত্য নকশা অক্ষুণ্ণ রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভবনটিকে আরও শক্তিশালী ও নিরাপদ করা হবে।
কালুরঘাট বেতার কেন্দ্র ও জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, জিয়ার স্মৃতিকে কেন্দ্র করে গড়ে তোলা জিয়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিগত আওয়ামী লীগ সরকার ‘স্বাধীনতা কমপ্লেক্স’ নামকরণ করেছিল। বিষয়টি পর্যালোচনা করে পূর্বের নাম পুনর্বহালের বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।
জেডএম