হোম > সারা দেশ > চট্টগ্রাম

২ কোটি টাকা চাঁদা দাবি, ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা করে ৩৫ লাখ টাকা লুট

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের চকবাজার–বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে মুখোশধারী সশস্ত্র ব্যক্তিদের হামলা, ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিডিএন নামের ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে এ বিষয়ে চকবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির দাবি, ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং প্রায় ৩৫ লাখ টাকা নগদ নিয়ে যায়। হামলার আগে তাদের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

ডিডিএনের হেড অব সেলস মো. রবিউল হোসেন রাকিব জানান, দুপুর ১২টার কিছু পর মুখোশধারী ৩০ থেকে ৩৫ জনের একটি দল অফিসে প্রবেশ করে। তাদের কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। অফিসে ঢুকেই তারা কর্মীদের ভয়ভীতি দেখিয়ে কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করে।

তার দাবি, হামলাকারীরা অফিসে থাকা প্রায় ৩৫ লাখ টাকা নগদ নিয়ে যায়। এতে প্রতিষ্ঠানের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

রবিউল হোসেন আরও বলেন, এর আগে একটি চাঁদাবাজ চক্র তাদের কাছে দুই কোটি টাকা দাবি করেছিল। তার ভাষ্য, ওই দাবির সঙ্গে হামলার ঘটনার সম্পর্ক থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

গোয়েন্দা সদস্যের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

কক্সবাজারে বন্যার পানি নামছে, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন

কোমরপানি ভেঙে আশ্রয়কেন্দ্রে ৭০ বছরের বৃদ্ধার করুণ লড়াই

কক্সবাজারে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি

শাহরাস্তিতে যুবলীগ নেত্রীর আত্মহত্যা

রামুতে তীব্র স্রোতে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার

ভূমিহীনের জায়গা দখল করা সেই হাশেমের নেতৃত্বে কুমিল্লা উত্তর বিএনপি

সাতকানিয়ায় ত্রাণের জন্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকে ক্ষোভ

সাগরে ট্রলার ডুবে কুতুবদিয়ার পাঁচ জেলে নিখোঁজ

নবীনগরে তিন র‍্যাব সদস্যকে মারধর, দুই মাস পর ডাকাত গ্রেপ্তার