মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী সজীব মিয়া (৩০)।
গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম উর্মি আক্তার (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সজীব। এ সময় উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন। প্রতিবেশীদের সামনেই নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন সজীব।
পরে স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীব মিয়া বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সজীবের জুয়ায় আসক্তি এবং তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।
ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, উর্মি আক্তারের লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।