গ্রেটার নোয়াখালীর প্রধান বাণিজ্যিক নগরী চৌমুহনীকে যানজটমুক্ত করার লক্ষ্যে ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী ও এর সংশ্লিষ্ট এলাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামরুজ্জামান চৌধুরী।
এ ছাড়া জেলার বৃহৎ কাঁচাবাজারের আড়ত বেগমগঞ্জ উপজেলায় অবস্থিত চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় বেগমগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কামরুজ্জামান চৌধুরী।
বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ‘এ’ ক্যাটাগরির দুটি ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন জ্যেষ্ঠ সচিব কামরুজ্জামান চৌধুরী। এরপর চৌমুহনী ভূমি কর্মকর্তার কার্যালয় ও বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় ঘুরে দেখেন তিনি। পরে চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজার পরিদর্শন করেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজারের অবকাঠামোগত উন্নয়নে সেখানে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দেন।
এ ছাড়া জরাজীর্ণ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের বিষয়ে পরিকল্পনা চলছে। এ ছাড়া সবার সহযোগিতায় নতুন বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভবন নির্মাণ হবে।
এ সময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, নোয়াখালীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম লাভলু, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সুমন এবং চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।