কালিয়াকৈরে আন্দোলনের নামে আর কোনো অরাজকতা চলতে দেওয়া হবে না। শ্রমিকেরা কখনও ভাঙচুর করে না। শ্রমিকের ছদ্মবেশে যারা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে- কথাগুলো বলেছেন গাজীপুর-আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। তিনি আজ কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
মজুরি বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।
মাথায় লাল ফিতা বেঁধে, হাতে ব্যানার নিয়ে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মজুরি বোর্ড কর্তৃক ন্যূনতম মজুরি ঘোষণা করায় মালিক ও শ্রমিক পক্ষের সকল সদস্যদের ধন্যবাদ জানানো হয়।
এ সময় উপস্থিত গাজীপুর-১ আসনের এমপি মুজিবুর রহমান বললেন, ‘আমি কালিয়াকৈরের সন্তান। এই শিল্পাঞ্চলের শ্রমিকরা আমার ভাই-বোন। তাদের কষ্ট আমি বুঝি। সরকার তাদের কথা চিন্তা করেই ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করেছে। এটা কম নয়। এখন কারখানা বন্ধ করে, রাস্তা বন্ধ করে কার লাভ? ক্ষতি হবে শ্রমিকেরই, ক্ষতি হবে দেশেরই। তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই-কালিয়াকৈরে আর কোনো অরাজকতা চলবে না। যারা শ্রমিকের ছদ্মবেশে ভাঙচুর করছে, উসকানি দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করা হবে। প্রকৃত শ্রমিকরা কখনো ভাঙচুর করে না। আমি সকল শ্রমিক ভাই-বোনদের প্রতি আহ্বান জানাই - আপনারা পুরোদমে কাজে ফিরে যান। আপনাদের মজুরি যাতে ঠিকমতো বাস্তবায়ন হয়, সেই দায়িত্ব আমি নিচ্ছি।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উপদেষ্টা হুমায়ুন কবীর খান। তিনি বলেন, ‘আন্দোলনের কারণে ইতিমধ্যে আমাদের দেশ থেকে অনেক রপ্তানি আদেশ বাইরে চলে গেছে। ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনের অস্থিরতায় শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে। এভাবে চললে আমাদের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে।তিনি আরও বলেন, আপনারা কাজে ফিরে যান। মজুরি বোর্ডের সিদ্ধান্ত মেনে নিন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব।’
কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন বলেন, সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। এটা একটা বড় অর্জন। যারা এই মজুরি মানতে চায় না, তারা শ্রমিকদের ভালো চায় না।
পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন বলেন, শ্রমিকরা আমাদের ভাই-বোন। তাদের দাবি যৌক্তিক। কিন্তু দাবির নামে রাস্তা বন্ধ করে, কারখানা বন্ধ করে, ভাঙচুর করে দেশের ক্ষতি করা চলবে না।