ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে অন্তত চার শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএসকে)-এর উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে আগত রোগীদের প্রথমে ক্রমিক নম্বর প্রদান করে নির্ধারিত কক্ষে পাঠানো হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা ব্যবস্থাপত্র দেন। পরে সেই ব্যবস্থাপত্র দেখিয়ে রোগীরা নির্দিষ্ট বুথ থেকে বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পিএসকের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক রাম চন্দ্র সাহা। এ সময় উপস্থিত ছিলেন পিএসকে শাখা ব্যবস্থাপক আঃ রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মিনহাজুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডা. চন্দন কুমার দেবনাথ এবং শিশু বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলমসহ একটি চিকিৎসক দল সেবা প্রদান করেন।
সহকারী কর্মসূচি ব্যবস্থাপক রাম চন্দ্র সাহা জানান, ক্যাম্পে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিশেষ করে নারী ও শিশুদের অংশগ্রহণ বেশি ছিল। চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষার পর বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়। এছাড়া সব রোগীকেই প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।
চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতা আনোয়ারা বেগম ও মোসলেমা। তারা বলেন, “এখানে টাকা ছাড়াই চিকিৎসা করাতে পারছি, আবার ওষুধও দিচ্ছে। খুব উপকার হলো।”