গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবদল নেতা আনোয়ারুল ইসলাম বাবুর (৪০) বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বাবুকে যুবদলের সদস্য সচিব পদ থেকে বহিস্কার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বে একটি টিম রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের আজিবর রহমানের ছেলে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাবুর নিজ শয়ন ঘরে তল্লাশি চালিয়ে শোকেসের ড্রয়ারে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২ হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, দলীয় ভামূর্তি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনোয়ারুল ইসলাম বাবুকে সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদ থেকে বহিস্কার করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মাদক উদ্ধারসহ বাবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তারকৃত বাবুকে আজ সোমবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।