আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে লালমনিরহাট সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সীমান্ত এলাকাগুলোতে টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের সঙ্গে ভারতের প্রায় ২৪৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের সুরক্ষায় লালমনিরহাট-১৫ বিজিবি, রংপুর-৫১ বিজিবি এবং রংপুর-৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন ফটক, চেকপোস্টসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চলমান পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যদের টহলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন। ওই এলাকার বাসিন্দা সুফিয়া বেগম (৩৫), নুর আলম (৩৭) ও নাজমা বেগম (৪৮) বলেন, ‘ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ঢুকতে পারে—এমন খবরে আমরা বিজিবিকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। সীমান্তে কেউ অস্থিরতা সৃষ্টি করতে পারবে না। কেউ অবৈধভাবে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ বা বিজিবির হাতে তুলে দেওয়া হবে।’
পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের বাসিন্দা মোবারক আলী বলেন, ‘আওয়ামী লীগের পলাতকরা ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ার পর সীমান্তে কিছুটা উত্তেজনা তৈরি হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিজিবি নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি আমরাও সজাগ রয়েছি।’
একই উপজেলার বুড়িমারী সীমান্তের মনছুর আলী ও আব্বাস উদ্দিন বলেন, ‘শুনতে পাচ্ছি আগামী ডিসেম্বরে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারেন। এ কারণে বিজিবি সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছে। অপরদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের অংশে নজরদারি ও কাঁটাতারের বেড়াসংলগ্ন পাকা সড়কগুলোতে টহল বাড়িয়েছে। তবে আমরা সীমান্তবাসীরা কোনো পলাতক ব্যক্তিকে অবৈধভাবে দেশে প্রবেশ করতে দেব না। এ জন্য বিজিবির সঙ্গে আমরা প্রস্তুত রয়েছি।’
দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম সীমান্ত এলাকার বাসিন্দা হামিদুল ইসলাম জানান, ওপারে বিএসএফের টহল জোরদার হওয়ায় সীমান্তসংলগ্ন জমিতে চাষাবাদ করতে গিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক কাজ করছে।