সাভারের হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয়েছে। ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য, সাংবাদিক ও অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
অন্যদিকে আশুলিয়ায় শিল্প পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষ এবং নরসিংহপুর এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের হটিয়ে দেয়।
বিক্ষুব্ধ শ্রমিকেরা সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশ অবরোধ করে রাখেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ দিন সাভার ও আশুলিয়ার অন্তত শতাধিক তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় সাড়ে আটটার দিকে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারী শ্রমিকেরা। বিক্ষোভের একপর্যায়ে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক থেকে বিক্ষোভকারীদের পুলিশ হটিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। শ্রমিকদের হামলায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।
পরবর্তীতে উত্তেজিত শ্রমিকেরা হেমায়েতপুর বাসস্ট্যান্ডে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কে যানবাহন আটকে যাওয়ায় তীব্র দুর্ভোগের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। পরে সকাল ১০টা ৪০ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল শুরু হয়।
এসব সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য, চারজন সাংবাদিক, দুইজন ক্যামেরাপার্সন এবং শ্রমিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ দিন সাভারের হেমায়েতপুরে পুলিশের পাশাপাশি বিজিবিকেও মাঠে দেখা গেছে। বিজিবি সদস্যরা মূলত ঢাকা-আরিচা মহাসড়ক ও পোশাকশিল্প অধ্যুষিত এলাকায় সতর্ক পাহারায় রয়েছেন।
সাভার মডেল থানার ওসি (অপারেশন) আব্দুস সবুর জানান, আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় হামলায় ওসি সাইফুল আলমসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এদিকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, কুটুরিয়া, জিরাবো ও জিরানিসহ বিভিন্ন এলাকার কারখানা থেকে শ্রমিকেরা সড়কে নেমে আসেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমই