ইলিশ মাছ যেমন খেতে মজা, তেমনি মাছের ডিমও খেতে সুস্বাদু। ছোট-বড় সবার প্রিয় ইলিশ মাছ। তাই তো বলা হয় মাছের রাজা ইলিশ। এবারের রান্নার আয়োজন সাজানো হয়েছে ইলিশের ডিমের ভিন্ন স্বাদের দুই পদ দিয়ে।
ডিম ভুনা
উপকরণ : ইলিশের ডিম ৫টি, পেঁয়াজকুচি ২ কাপ, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, ধনেগুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ স্বাদমতো, সরষের তেল আধা কাপ ও পানি প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি : চুলায় ফ্রাইপ্যান বসিয়ে সরষের তেল গরম করে নিন। তার মধ্যে পেঁয়াজকুচি দিয়ে হালকা বাদামি রঙ করে ভেজে নিন। এরপর সব মসলা একে একে দিয়ে দিন। তারপর কিছুক্ষণ ভালো করে নেড়ে নিন। পরিমাণমতো লবণ ও সামান্য পানি দিয়ে ভালোভাবে মসলা কষিয়ে নিতে হবে। এরপর মাছের ডিমগুলো কষানো মসলার মধ্যে দিন। কিছুক্ষণ মাঝারি আঁচে রান্না করতে হবে। প্রয়োজনে আরো একটু পানি দিতে পারেন। ইলিশ মাছের ডিমের ঝোল শুকিয়ে এলে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ইলিশ মাছের ডিম ভুনা।
ডিমের কাবাব
উপকরণ : ইলিশ মাছের ডিম ৪০০ গ্রাম, মাছ ২০০ গ্রাম, পাউরুটি ২ টুকরা, পেঁয়াজকুচি ১ (৫টি বড় পেঁয়াজ) কাপ, আদাবাটা এক চা চামচ, রসুনবাটা আধা চা চামচ, মরিচকুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ৪ টেবিল চামচ, পুদিনাপাতাকুচি ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ডিমের কুসুম ১টি, তেল আধা কাপ, কাবাবের মসলা ১ চা চামচ ও লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি : প্রথমে অল্প পানিতে মাছের ডিম, মাছ, আদা–রসুনবাটা ও লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পেঁয়াজকুচি বাদে বাকি সব উপকরণ এর সঙ্গে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এই মিশ্রণে পেঁয়াজকুচি দিয়ে মাখিয়ে কাবাবের আকারে গড়ে নিতে হবে। এরপর ডুবোতেলে ভেজে নিন। সবশেষে সুন্দরভাবে পরিবেশন করুন।