১০ আগস্ট ৮৪৭ (২৩ জিলহজ ২৩২ হিজরি) : আল-ওয়াসিক নামে পরিচিত নবম আব্বাসীয় খলিফা আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল-মুতাসিম মৃত্যুবরণ করেন। তিনি ৮৪২ থেকে ৮৪৭ সাল পর্যন্ত আব্বাসীয় খেলাফতের শাসক ছিলেন। তার শাসনামলে হিজাজের বেদুইন বিদ্রোহ দমন এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে সামরিক সংঘাতসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে।
১৫ আগস্ট ৭১৭ (২৬/২৭ জিলহজ ৯৮ হিজরি) : উমাইয়া সেনাপতি মাসলামা ইবনে আবদুল মালিকের নেতৃত্বে কনস্টান্টিনোপল অবরোধের দ্বিতীয় অভিযান শুরু হয়। প্রায় এক বছর ধরে চলা এই অবরোধে উমাইয়া বাহিনী বাইজেন্টাইন রাজধানী দখলের চেষ্টা করে। ১৫ আগস্ট ৭১৮ (৮/৯ মহররম ১০০ হিজরি) বাইজেন্টাইনদের প্রতিরোধ, দুর্ভিক্ষ ও রোগব্যাধির কারণে মুসলিম বাহিনী অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হয়।
১৫ আগস্ট ৭৬৭ (১৫ রজব ১৫০ হিজরি) : ইমাম আবু হানিফা নু’মান ইবনে সাবিত, ফিকহশাস্ত্রের অন্যতম প্রধান ইমাম এবং হানাফি মাজহাবের প্রধান প্রবক্তা, বাগদাদে ইন্তেকাল করেন। তিনি কুফার অন্যতম শ্রেষ্ঠ ফকিহ হিসেবে মুসলিম আইনচর্চার বিকাশে গভীর প্রভাব রাখেন এবং তার শিক্ষাধারা পরবর্তী সময়ে হানাফি মাজহাবের মাধ্যমে মুসলিম বিশ্বের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে।
১৫ আগস্ট ১০৬৪ (২১/২২ শাবান ৪৫৬ হিজরি) : আন্দালুসের আরব মুসলিম আলেম, ইতিহাসবিদ, ফকিহ, দার্শনিক ও ধর্মতাত্ত্বিক মুহাম্মদ ইবনে হাজম মৃত্যুবরণ করেন। তিনি মুসলিম সভ্যতার স্বর্ণযুগে জ্ঞানচর্চার ইতিহাসে অন্যতম বহুমুখী প্রতিভা এবং জাহিরি মাজহাবের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন। ফিকহ, ধর্মতত্ত্ব, দর্শন, ইতিহাস, সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে তার রচনাবলি ইসলামের বুদ্ধিবৃত্তিক ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।
১৮ আগস্ট ১৪৮৭ (১৭/১৮ শাবান ৮৯২ হিজরি) : দীর্ঘ অবরোধের পর কাস্তিল ও আরাগনের ক্যাথলিক রাজশক্তির কাছে আন্দালুসের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মালাগার পতন হয়। গ্রানাডা আমিরাতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর ও প্রধান বন্দর মালাগার পতন স্পেনের নাসরি রাজবংশের জন্য মারাত্মক আঘাত ছিল এবং ১৪৯২ সালে গ্রানাডার চূড়ান্ত পতনের পথ আরো সংকুচিত করে।
১৯ আগস্ট ১৮৬৩ (৫ রবিউল আউয়াল ১২৮০ হিজরি) : উপমহাদেশের প্রখ্যাত আলেম, সমাজ সংস্কারক, দ্বীনি গবেষক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব মাওলানা আশরাফ আলী থানভী জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীকালে ‘হাকিমুল উম্মত’ নামে খ্যাত হন এবং ফিকহ, তাফসির, হাদিস, তাসাউফ ও মুসলিম সমাজের সংস্কারচিন্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
২০ আগস্ট ৬৩৬ (১২ রজব ১৫ হিজরি) : রাশিদুন খেলাফত ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে সংঘটিত ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনী নির্ণায়ক বিজয় লাভ করে। খালেদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে রাশিদুন বাহিনীর এই বিজয়ের ফলে বাইজেন্টাইন কর্তৃত্ব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে এবং অঞ্চলটিতে মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়।
২০ আগস্ট ১৮৫৮ : লিবিয়ার প্রখ্যাত ঔপনিবেশবিরোধী নেতা ও যোদ্ধা ওমর আল-মুখতার জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে তিনি ইতালির ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লিবিয়ার প্রতিরোধ আন্দোলনের প্রধান নেতায় পরিণত হন এবং প্রায় দুই দশক ধরে ইতালির বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনা করেন। লিবিয়ার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার দৃঢ় প্রতিরোধ তাকে জাতীয় বীরের মর্যাদা এনে দেয়।
গ্রন্থনা : ইতিহাস ঐতিহ্য টিম