নাকবার ৭৮তম বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনের রাস্তায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ‘উইদিন আওয়ার লাইফটাইম’ নামে একটি সংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এই সমাবেশ এমন সময়ে হলো, যখন ফিলিস্তিনি শরণার্থীদের অধিকারের স্বীকৃতি দিতে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছেন কংগ্রেস সদস্য রাশিদা তালিব।
সমাবেশে অংশগ্রহণকারী একজন বলেন, ‘নাকবাকে স্বীকৃতি দেওয়া শুধু যুক্তরাষ্ট্রেই নয়, সব দেশের জন্যই জরুরি।’
তিনি বলেন, `নাকবা হলোকাস্টের সমতুল্য। এটা চলমান গণহত্যা। কাজেই ফিলিস্তিনিদের আবার দেশে ফেরাতে এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য নাকবার ইতিহাস সবার জানা প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘প্রতিটি বোমা হামলা, প্রত্যেক বাস্তুচ্যুত মানুষ এবং প্রতিটি শরণার্থী শিবিরের সঙ্গে টিকে আছে নাকবা।’
আরেক অংশগ্রহণকারী বলেন, ‘ফিলিস্তিন দখলের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতে আমরা আজ এখানে। আমরা আমাদের জীবদ্দশায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিশ্চিত করতে চাই।’
ফিলিস্তিনে গণহত্যা ও দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা।
এই নাকবা দিবসের উৎপত্তি ১৯৪৮ সালের ১৫ মে শুরু হওয়া আরব-ইসরাইল যুদ্ধ থেকে।
তার এক দিন আগে, ১৪ মে ইসরাইল নিজেদের ঘোষণা করে স্বাধীন রাষ্ট্র হিসেবে।
সে সময় ওই এলাকা ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে। ম্যান্ডেট প্যালেস্টাইন নামে তখন সেখানে এক বিশেষ ব্যবস্থা চালু ছিল। সেটি যখন প্রায় শেষ হওয়ার পথে, তখনই ইসরাইলকে ঘোষণা করা হয় স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে।
যে এলাকায় ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়, ইসরাইলি বাহিনী সেখান থেকে বেশির ভাগ আরবকে বহিষ্কার করে, কিংবা তারা সেখান থেকে পালিয়ে যায়।
প্রতিবছর ফিলিস্তিনিরা এই নাকবা দিবসে প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে। দিবসটি উপলক্ষে তারা জড়ো হয় ইসরাইলি সীমান্তের কাছে। এবং দিনটি ঘিরে ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ