হোম > বিশ্ব

একই বিমানে মরিশাস যাচ্ছেন ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

প্রথমে দিল্লিতে দুই দিনের দ্বিপাক্ষিক সফর, যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড: খলিলুর রহমান তারপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে একই বিমানে করে মরিশাসে যাচ্ছেন একটি আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে।

আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আটটা থেকে এয়ার মরিশাসের ওই বাণিজ্যিক বিমানে একটানা সাত-আট ঘণ্টার ওই দীর্ঘ সফরেও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্তে কথাবার্তা বলার বিস্তর সুযোগ থাকবে।

মাত্র দুই তিনমাস আগেও ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক রীতিমতো অস্বস্তিকর আর শীতল ছিল। কিন্তু এখন নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শংকরের একসাথে দীর্ঘ বিমানযাত্রার সিদ্ধান্তই বলে দেয় দুই দেশই তাদের সম্পর্ক ‘রিক্যালিব্রেট’ করতে চাচ্ছে।

বিবিসি জানতে পেরেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লিতে পা রাখার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালেই দিল্লি থেকে খলিলুর রহমান সরাসরি মরিশাসের উদ্দেশে রওনা হবেন, যেখানে তিনি নবম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই বিমানে যাবেন জয়শংকরও।

দুই দেশের কর্মকর্তারাই বিষয়টি বিবিসির কাছে নিশ্চিত করেছেন।

ওই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আর দিল্লির শীর্ষস্থানীয় থিংকট্যাঙ্ক ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’ – আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর নিজেও সেখানে যোগ দিচ্ছেন।

এই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্টের পদে আবার আছেন আরএসএস তথা বিজেপি নেতা রাম মাধব। সুতরাং, দিল্লির পরে মরিশাসেও আবার দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর ও কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা বলার সুযোগ থাকবে।

অন্যভাবে বললে, দিল্লিতে মাত্র আটচল্লিশ ঘণ্টার কম সময় অবস্থান করলেও খলিলুর রহমানের ‘ভারত সফর’ কার্যত চার-পাঁচদিনের মেয়াদ পেতে চলেছে – যার কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ।

নরেন্দ্র মোদির সাথে বৈঠক নিশ্চিত নয়

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে ঠিক মাসদেড়েক হলো। ওই সরকার ক্ষমতায় আসার পর প্রথম কোনো হাই-প্রোফাইল দ্বিপাক্ষিক সফরে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ড: খলিলুর রহমান আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লিতে যাচ্ছেন।

দিল্লিতে পা রাখার পর দিনই (৮ এপ্রিল) তিনি একের পর এক বৈঠকে বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে।

খলিলুর রহমানের এই সফরটিকে ভারতও অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, তবে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কোনো বৈঠক হবে কিনা তা পরিষ্কার নয়।

বিবিসি জানতে পেরেছে, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও খলিলুর রহমানের আলাদা একটি বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে – তবে সেটি শেষ পর্যন্ত হবে কি না তা নিশ্চিত নয়।

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সফর নিয়ে এখনো কোনো বিবৃতি আসেনি – তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো আভাস দিচ্ছে গঙ্গা চুক্তি নবায়নের আলোচনা শুরু করা, বিভিন্ন কানেক্টিভিটি প্রকল্পর অগ্রগতি, ভারত থেকে জ্বালানি সরবরাহ এবং পারস্পরিক বাণিজ্য সুবিধাগুলো পুনর্বহাল করার ব্যাপারে এই সফরে কথাবার্তা হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের একটি শীর্ষ কূটনৈতিক সূত্র আবার বিবিসিকে বলেছেন, ‘বলতে পারেন, এটা হলো দুই পক্ষের পরস্পরকে বোঝার সফর!’

বস্তুত বাংলাদেশে শেষবারের মতো একটি বিএনপি সরকার ক্ষমতায় ছিল প্রায় বিশ বছর আগে – এবং খালেদা জিয়ার নেতৃত্বাধীন সেই সরকারে গুরুত্বপূর্ণ শরিক ছিল জামায়াতে ইসলামী। তবে সেই সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক ছিল তা কিছুতেই বলা যাবে না।

গত দুই দশকে গঙ্গা ও পদ্মা নিয়ে অনেক জল গড়িয়েছে – ভারতের ব্যাপারে বিএনপির রাজনৈতিক অবস্থানেও অনেক ওঠাপড়া দেখা গেছে। তারেক রহমানের সরকারে জামায়াতও শরিক নয়, বরং তারা এখন প্রধান বিরোধী দলের ভূমিকায়।

এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন একটি বিএনপি সরকারের সঙ্গে ভারতের ঠিক কী ধরনের সম্পর্ক গড়ে ওঠে, সেই প্রশ্নের নিরিখেই খলিলুর রহমানের এই সফর আলাদা তাৎপর্য বহন করছে।

বাংলাদেশের দিক থেকে এই সফরের প্রস্তুতি সম্পন্ন করতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ্-ও সংক্ষিপ্ত সফরে ঢাকায় গিয়েছিলেন – তিনিও রোববার (৫ এপ্রিল) দিল্লি ফিরে এসেছেন।

‘সম্পর্কের গতিপথে কোর্স কারেকশন’

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপির সাবেক এমপি এম জে আকবর নরেন্দ্র মোদি সরকারের প্রথম মেয়াদে বাংলাদেশ সংক্রান্ত অ্যাফেয়ার্স দেখাশুনো করতেন, এখনো অলিখিতভাবে সরকারের তরফে তিনি বাংলাদেশের বিভিন্ন মহলে যোগাযোগ রাখেন।

আকবর বিশ্বাস করেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা যে ‘কোর্স কারেকশন’ বা গতিপথ পাল্টানোর দরকার সেটা দুই পক্ষই উপলব্ধি করছে এবং খলিলুর রহমানের এই দিল্লি সফর সেই বাস্তবতারই প্রতিফলন।

তিনি বলছিলেন, আমি বলব দুই পক্ষের মধ্যেই এই সচেতনতা তৈরি হয়েছে যে মাঝের বেশ কিছুদিন সম্পর্কের ক্ষেত্রে একটা বিরাট ‘ডিসরাপশন’ লক্ষ্য করা গেছে, যা কারোরই উপকারে আসেনি।

তিনি আরো বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে কিছু এলিমেন্ট, তারা নিজেদের শক্তিকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়ে এই সম্পর্কটাকে বিগড়ে দেওয়ার কাজ করেছে। তবে সুখবর হল, দুই পক্ষই এখন অনুধাবন করেছে এটা পাল্টানো দরকার।

এম জে আকবর যে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে জামায়াতে ইসলামীর প্রভাবের দিকেই ইঙ্গিত করছেন – তা তার কথায় ছিল স্পষ্ট।

খলিলুর রহমানের এই সফর আগামী দিনে খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পথও প্রশস্ত করবে বলে তার ধারণা।

তবে তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে ভারতকে বেছে নেবেন, না কি চীন, আমেরিকা বা সৌদি আরবের মতো অন্য কোনো দেশে যাবেন – সেটা এখনো নিশ্চিত নয়।

‘এখন দেনা-পাওনার হিসেবের সময়’

গত তিন-চারমাসে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তারেক রহমান তথা বিএনপি নেতৃত্বের প্রতি ভারত যেভাবে প্রকাশ্য আউটরিচ করেছে, সেটা নির্দিষ্ট কিছু ‘প্রতিশ্রুতি’র বিনিময়েই ঘটেছে বলে ভারতে কোনো কোনো পর্যবেক্ষকের বিশ্বাস।

ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী এই দলেই পড়েন এবং তিনি বিশ্বাস করেন, এখন বিএনপি সরকারের সেই সব প্রতিশ্রুতি রক্ষার পালা।

তিনি বলছিলেন, আমি যতদূর জানি বাংলাদেশ এই সফরে আনুষ্ঠানিকভাবে অন্তত তিনটে দাবি জানাবে – এক, সীমান্তে বিএসএফের হাতে হত্যা বন্ধ করা, জল চুক্তি নিয়ে আলোচনা শুরু করা আর বাণিজ্য সুবিধাগুলো প্রত্যাহার করা। তা ছাড়া পশ্চিম এশিয়া পরিস্থিতির কারণে বাংলাদেশ যে জ্বালানি সংকটে ভুগছে, তার জন্য বিদ্যমান চুক্তির আওতায় ভারতের কাছ থেকে অতিরিক্ত ডিজেলও কিনতে চাওয়া হবে অবধারিতভাবে।

পিনাকরঞ্জন চক্রবর্তী সেই সঙ্গেই বলছেন – ভারতও যেহেতু সম্পর্ক স্বাভাবিক করতে চায়, তাই এই সব দাবি বা অনুরোধে ইতিবাচক মনোভাবই দেখানো হবে – কিন্তু সেই সঙ্গে ভারতেরও অবশ্যই কিছু পাল্টা দাবি থাকবে। যেমন ডিজেল আমরা অবশ্যই দেব। কিন্তু কানেক্টিভিটি প্রকল্পগুলো আপনাদের খুলতে হবে – আগরতলা-আখাউড়া রেল সংযোগের মতো যে কাজগুলো থমকে আছে সেগুলো দ্রুত শুরু করতে হবে। তা ছাড়া পাকিস্তানের সঙ্গে আপনারা যত খুশি ব্যবসা-বাণিজ্য করুন আপত্তি নেই, কিন্তু তাদের কোনো স্ট্র্যাটেজিক স্পেস দেওয়া চলবে না। এই প্রশ্নটায় ভারত বিন্দুমাত্র আপস করবে না।

ফলে খলিলুর রহমানের আসন্ন ভারত সফরে দুই পক্ষ কার কাছে ঠিক কী চাইছে, সেটা পরিষ্কার করে দেওয়া হবে বলেই তিনি মনে করছেন।

বাণিজ্য সুবিধাগুলো পুনর্বহাল হবে?

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরে দুই দেশের যে পারস্পরিক বাণিজ্য সুবিধাগুলো গত দেড় বছরে প্রত্যাহার করা হয়েছে তা পুনর্বহাল করার বিষয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

দিল্লির থিংকট্যাঙ্ক আরআইএস-এর অধ্যাপক ও অর্থনীতিবিদ প্রবীর দে বলছিলেন, দিল্লি বিমানবন্দর নিয়ে বাংলাদেশের গার্মেন্ট প্রস্তুতকারকরা বিদেশে পণ্য পাঠানোর যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতেন, সেটা তুলে নেওয়ায় তাদের সমস্যা অনেক বেড়ে গেছে। এখন তারা পণ্য পাঠাচ্ছেন মালদ্বীপ বা দুবাই হয়ে, যা অনেক বেশি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তা ছাড়া স্থল সীমান্ত দিয়েও পণ্য ঢুকতে দেওয়া হচ্ছে না – সেগুলো অ্যালাও করা হচ্ছে একমাত্র মুম্বাইয়ের নওসেভা সমুদ্রবন্দর দিয়ে, যেটা তাদের জন্য অনেক ঘুরপথ।

ফলে বাংলাদেশের তরফে এই সুবিধাগুলো এখন ফেরত চাওয়া হবে বলেই তিনি ধারণা করছেন।

প্রবীর দে আরো বলছিলেন, বাংলাদেশের নতুন সরকার যাতে ‘সার্ক’কে জিইয়ে তোলার ওপর জোর না দিয়ে ‘বিমসটেক’-কে বেশি গুরুত্ব দেয় – ভারত কিন্তু সেটাই প্রত্যাশা করবে। মনে রাখবেন বিমসটেকের বর্তমান চেয়ার কিন্তু বাংলাদেশ। কিন্তু জোটের চেয়ার হিসেবে তাদের যে বৈঠকগুলো আহ্বান করার কথা, গত এক বছরে তার একটাও প্রায় করা হয়নি।

ড. ইউনূস বিমসটেককে উপেক্ষা করে শুধু সার্ককে পুনরুজ্জীবিত করার কথাই বলে গেছেন – যেটা ভারতের পক্ষে সহজবোধ্য কারণেই মেনে নেওয়া সম্ভব নয়। চেয়ার হিসেবে বাংলাদেশের মেয়াদের আরো এক বছর বাকি। এই সময়টায় যাতে তারা বিমসটেকে গুরুত্ব আরোপ করে এবং তাদের দায়িত্বগুলো সম্পাদন করে, আমি নিশ্চিত দিল্লির দিক থেকে তার জন্য চাপ থাকবে, বলছিলেন ওই অর্থনীতিবিদ।

ফলে সামগ্রিকভাবে খলিলুর রহমানের আসন্ন ভারত সফর যে কোনো অর্থেই নিছক রুটিন সফর হবে না – বরং আলোচনার ধারে ও ভারে তা গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা বহন করবে – সেই লক্ষণ একেবারে স্পষ্ট।

ইরান প্রসঙ্গে হোয়াইট হাউসে যা যা বললেন ট্রাম্প

ট্রাম্পের ‘সব উড়িয়ে দেব’ হুমকির পর রাতভর শান্তি প্রচেষ্টায় মরিয়া ভ্যান্স

ইরানের কুদস ফোর্সের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

লেবাননে ভুল লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা, বিরোধী নেতা ও স্ত্রী নিহত

ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরাইলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি

সংঘাত থামাতে পাকিস্তানের প্রস্তাব, যুক্তরাষ্ট্র-ইরানের হাতে কী আছে

আইএইএ-র নিষ্ক্রিয়তা পারমাণবিক স্থাপনায় হামলাকে উসকে দিচ্ছে: ইরান

ইরানি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার সমালোচনায় মার্কিন কংগ্রেসম্যান

ইরানের হামলার পর হাইফায় ধ্বংসস্তূপ থেকে ৪ লাশ উদ্ধার

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ৭০, বাংলাদেশিসহ উদ্ধার ৩২