হোম > বিশ্ব

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

রয়টার্স

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত এবং মূল্যস্ফীতির নতুন তথ্যের অপেক্ষায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে।

বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮ ডলারে নেমে আসে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিষয়ে অনিশ্চয়তার কারণে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত ছিল। এ সময় প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৪৯ দশমিক ৮০ ডলার।

মুম্বাইভিত্তিক কেডিয়া কমোডিটিজের পরিচালক অজয় কেডিয়া বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীদের বিনিয়োগের অবস্থান সমন্বয়ের কারণে স্বর্ণের দাম কমেছে।

এর আগে বুধবার ফেডারেল রিজার্ভ সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রাখে। মূল্যস্ফীতির নতুন তথ্যের অপেক্ষায় কেন্দ্রীয় ব্যাংকটি সুদের হার পরিবর্তনের সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা এখন ৭৮ শতাংশ। ফেডের সিদ্ধান্ত ঘোষণার আগে এ সম্ভাবনা ছিল ৮৪ শতাংশ।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। অর্থাৎ, স্বর্ণে বিনিয়োগের বদলে সুদ পাওয়া যায়—এমন সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়তে পারে। এতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যায়।

বাজারের নজর এখন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) দিকে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে এ সূচককে বিশেষ গুরুত্ব দেয়।

এদিকে বিশ্বব্যাংকের পূর্বাভাস, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানির দাম বৃদ্ধি, কৃষ্ণসাগরে শস্য পরিবহনে বিঘ্ন এবং নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদার কারণে ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে।

অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার উদ্যোগের অংশ হিসেবে দেশটির নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়িকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ দশমিক ১৫ ডলারে নেমেছে। একই হারে কমে প্লাটিনামের দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ৫১৫ দশমিক ৭০ ডলারে। আর প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৪ দশমিক ২৫ ডলার হয়েছে।

এএম

‘যুদ্ধ নয়, ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আগ্রহী যুক্তরাষ্ট্র’

এল-সাইদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডকে সমর্থনের কোনো প্রমাণ নেই

ইউরোপে তরুণদের চেয়ে আট গুণ বেশি সম্পদ বয়স্কদের

১৬ দেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি যুক্তরাজ্যের

বিয়ে নিয়ে পুরোনো অভিযোগে বিরক্ত ও ক্ষুব্ধ ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদ বরখাস্ত

বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত

ইতিহাসের ভুল পথে নেতানিয়াহু, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ওলমার্টের

আরবরা বিজ্ঞান সৃষ্টি করে না, নোবেলও জেতে নাÑ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়