হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

বিবিসি

ছবি: আলজাজিরা

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা ব্যবস্থার মোবাইল অ্যাপ সাইবার হামলার শিকার হয়েছে। রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সতর্কতা অ্যাপে বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে হ্যাকাররা ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারত। অন্যদিকে, ইউক্রেনের বিমান হামলার সতর্কতা অ্যাপেও হ্যাকিংয়ের কারণে ভুয়া বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে কিয়েভ।

রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে হামলার পেছনে কারা রয়েছে, তা জানায়নি। তবে মন্ত্রণালয় বলেছে, তাদের মোবাইল অ্যাপটি এখনো বন্ধ রয়েছে। যদিও দেশটির সামগ্রিক জনসতর্কতা ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, সাইরেন ও লাউডস্পিকার, খুদে বার্তা এবং টেলিভিশন ও রেডিও সম্প্রচারের মতো একাধিক মাধ্যমে নাগরিকদের সতর্ক করা হচ্ছে। মোবাইল অ্যাপটি কেবল অতিরিক্ত একটি সহায়ক সংবাদসেবা।

টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘মোবাইল অ্যাপ হ্যাক হওয়ার ফলে জনসতর্কতা ব্যবস্থার কার্যকারিতায় কোনো প্রভাব পড়েনি এবং পড়ার কোনো সুযোগও নেই।’

অ্যাপটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে বিশেষজ্ঞরা কাজ করছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে, ইউক্রেন সরকারের কৌশলগত যোগাযোগ কেন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির বিমান হামলার সতর্কতা অ্যাপে হ্যাকিংয়ের জন্য রাশিয়াকে দায়ী করেছে। কেন্দ্রটি জানিয়েছে, অ্যাপটিতে ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়েছে। এর একটি ছিল রুশ ভাষায় লেখা বার্তা।

ইউক্রেন একটি ছবিও প্রকাশ করেছে। এতে দেশটির বিমান হামলার সতর্কতা অ্যাপে দেখা যাওয়া কয়েকটি বার্তা রয়েছে। একই সঙ্গে নাগরিকদের অ্যাপে কোনো অস্বাভাবিক বার্তা দেখতে পেলে তা উপেক্ষা করার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ইউক্রেনের বিমান বাহিনীও নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। কয়েক ঘণ্টা আগে সতর্কবার্তা পাঠানোর পর দেশটি ‘শত্রুতামূলক হস্তক্ষেপের’ বিষয়ে সতর্ক করে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘বিমান হামলার সতর্কতা অ্যাপ্লিকেশনটি সম্ভবত শত্রুভাবাপন্ন হস্তক্ষেপের শিকার হয়েছে। কোনো তেজস্ক্রিয়তার হুমকি নেই! শান্ত থাকুন এবং আমাদের চ্যানেলে দেওয়া হালনাগাদ তথ্য অনুসরণ করুন।’

ইউক্রেনের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, অ্যাপটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিমান হামলার হুমকি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে নাগরিকদের অন্যান্য উৎস থেকে তথ্য নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ইউক্রেনের ডিজিটাল রূপান্তর মন্ত্রণালয়ের তৈরি এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিরক্ষাসংক্রান্ত সতর্কতা জারি ও প্রত্যাহারের তাৎক্ষণিক খবর পান।

যুদ্ধবিরতি শেষ হওয়ার পর হামলা

রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই ইউক্রেনের সতর্কতা অ্যাপে সাইবার হামলার ঘটনা ঘটে। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের সম্মুখসারির শহর ওলেশকিতে যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক মিনিট আগে ভুয়া সতর্কবার্তাগুলো পাঠানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও পোপ লিও চতুর্দশের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তির মাধ্যমে ছয় দিনের বিরল এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এর ফলে ওলেশকি থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। ২০২২ সালে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর এটিই ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি।

তবে ওলেশকিতে আবারও লড়াই শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। দুই পক্ষই অভিযোগ করেছে, প্রতিপক্ষ যুদ্ধবিরতির সময়কে সম্মুখসারির সেনাদের শক্তিশালী করার কাজে ব্যবহার করেছে। তা সত্ত্বেও মানবিক এই অভিযান কিছুটা আশার আলো দেখিয়েছে।

কিয়েভের কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগ ‘পদ্ধতিগত সমাধানের’ দিকে এগিয়ে যেতে পারে। একই সঙ্গে এটি ‘শান্তি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপগুলোর পথ প্রশস্ত করতে পারে’।

রাশিয়ার পক্ষ থেকে ওলেশকি অভিযান সমন্বয়ের দায়িত্বে থাকা ইয়ানা লান্ত্রাতোভা বলেছেন, দুই দেশ নিয়মিত মানবিক অভিযান চালাতে রাজি হয়েছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্রের ভাষ্য, ক্রেমলিন এ ধরনের অভিযানকে শান্তি প্রক্রিয়া থেকে আলাদা হিসেবে দেখে।

জ্বালানি অবকাঠামোতেও হামলা

এদিকে রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়া জানিয়েছে, রাতের বেলা মস্কোর পূর্বাঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে ড্রোন হামলা হয়েছে। ইউক্রেনের গণমাধ্যম প্রতিষ্ঠানটিকে কস্তোভো তেল শোধনাগার হিসেবে চিহ্নিত করেছে।

রাশিয়ার নিজনি নভগোরদ অঞ্চলের গভর্নরের কার্যালয়ও কস্তোভো প্ল্যান্টে হামলার কথা জানিয়েছে। গভর্নর গ্লেব নিকিতিন রাত ও সকালে বড় ধরনের ড্রোন হামলার কথা বলেন। তার ভাষ্য, হামলায় প্ল্যান্টটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট এবং গরম পানির সরবরাহ কমে যাওয়ার বিষয়েও তিনি সতর্ক করেছেন। ড্রোনের খসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে একজন নারী আহত হয়েছেন বলেও জানান তিনি।

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার জবাবে দেশটির বাহিনী বারবার রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার রাতে রাশিয়া দেশটির চারটি অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে লক্ষাধিক বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। রয়টার্সের এক প্রতিবেদনে জেলেনস্কিকে উদ্ধৃত করে বলা হয়েছে, এসব হামলার তীব্রতা ছিল ‘খুব বেশি’। রোববার কিছু বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে।

রাশিয়ার অ্যাপেও ভুয়া সতর্কবার্তা

রাশিয়ার জরুরি সতর্কতা অ্যাপেও ভুয়া বার্তা পাঠানো হয়েছিল। এতে ব্যবহারকারীদের বলা হয়, ‘পি১-সানস-এ (ইউক্রেনের আক্রমণকারী ড্রোন) স্থাপন করা পারমাণবিক ওয়ারহেডগুলো রাশিয়ার সব অঞ্চলে নিক্ষেপ করা হয়েছে।’

বার্তাটির শুরুতে নাগরিকদের তাৎক্ষণিক বিপদের আশঙ্কার কথা বলা হয়। এরপর তাদের জরুরি ভিত্তিতে তিন সপ্তাহের খাবার মজুত করতে এবং আত্মগোপনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এএম

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

জার্মানিতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট

নেদারল্যান্ডসের উপকূলে রাবারের নৌকা থেকে ৩৮ জন উদ্ধার

আদালত নিয়ে সংঘাতের মধ্যে পোল্যান্ডের প্রেসিডেন্টের জরুরি বৈঠক

আজ ফের রাস্তায় নামছেন ফ্রান্সের বিক্ষোভকারীরা, কঠোর অবস্থানে সরকার