হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভে হামলার পর রাশিয়ায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি জেলেনস্কির

আমার দেশ অনলাইন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিন শিশুসহ ২৪ জন নিহত হওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে আরও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন আমাদের মানুষের প্রাণ নেওয়া আগ্রাসীদের কোনো হামলাই বিনা জবাবে ছেড়ে দেবে না।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার তেলশিল্প, সামরিক উৎপাদনব্যবস্থা এবং ইউক্রেন ও ইউক্রেনীয়দের বিরুদ্ধে যুদ্ধাপরাধে জড়িতদের ওপর আমাদের প্রতিক্রিয়া সম্পূর্ণ ন্যায্য।’

রাশিয়া চার বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই শত শত ড্রোন ও একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন।

শুক্রবার সকালে জেলেনস্কি কিয়েভের সেই আবাসিক ভবন পরিদর্শন করেন, যা রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘এখানে রাশিয়া ২৪ জনের প্রাণ নিয়েছে, যার মধ্যে তিনটি শিশু রয়েছে’

নিহত তিন শিশুই কিশোরী। তাদের বয়স ছিল ১২, ১৫ ও ১৭ বছর।

সবচেয়ে কম বয়সি লিউবাভা ইয়াকোভলেভার বাবা আগেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিহত হয়েছেন বলে জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেঙ্কো।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘টানা ২৮ ঘণ্টার বেশি সময় উদ্ধার অভিযান চালানো হয়েছে। জরুরি সেবাকর্মীদের নিরলস প্রচেষ্টায় ৩০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।’

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, এখনো দুই ডজন মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে, একই দিনে রাশিয়ার রিয়াজান শহরে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইবিহীন ভিডিওতে দেখা যায়, রিয়াজানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং একটি বহুতল ভবনের কয়েকটি তলা আগুনে পুড়ে গেছে।

ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার একটি তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে, উত্তর ইউক্রেনে বন্দিবিনিময়কে ঘিরে স্বস্তির আবহ তৈরি হয়েছে। সর্বশেষ বন্দিবিনিময় চুক্তির আওতায় ২০৫ জন ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে মস্কো। একইসংখ্যক রুশ সেনাকেও ছেড়ে দিয়েছে কিয়েভ।

মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় সেনাদের অনেকেই ২০২২ সাল থেকে রুশ বন্দিশিবিরে ছিলেন। তাদের মধ্যে মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানার যোদ্ধারাও রয়েছেন।

রাশিয়া জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত তাদের সেনাদের মিত্র দেশ বেলারুশে নেওয়া হয়েছে, যেখানে তাদের চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে আলোচনা চললেও সাম্প্রতিক মাসগুলোতে তা কার্যত স্থবির হয়ে পড়েছে। মস্কো এখনো যুদ্ধবিরতি বা পূর্ণাঙ্গ আলোচনায় রাজি হয়নি।

রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের চারটি অঞ্চল নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে। বর্তমানে ক্রিমিয়া উপদ্বীপসহ ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: এএফপি

এসআর

সন্তানদের যুক্তরাষ্ট্রে পাঠানোর পক্ষে নন জার্মান চ্যান্সেলর

এবার পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

ইউক্রেনীয় ড্রোন ইস্যুতে পদত্যাগ করলেন লাটভিয়ার প্রধানমন্ত্রী

প্রমোদতরীর ১৭০০ যাত্রী হঠাৎ অসুস্থ, তারপর যা ঘটল

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ সারমাত ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষা চালাল রাশিয়া

হরমুজ প্রণালিতে যুক্তরাজ্য-ফ্রান্সের নিরাপত্তা মিশনে যোগ দেবে অস্ট্রেলিয়া

যুক্তরাজ্য সরকার থেকে আবাসন ও কমিউনিটি–বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ইইউর সম্মতি

যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা: ইউক্রেন

এবার ইউরোপেও নিষিদ্ধ উগ্র ইসরাইলিরা