গাজায় ইসরাইলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ ও সংহতি আন্দোলন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমিক ও মানবাধিকারকর্মীরা ইসরাইলের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করেছেন। সামরিক ও প্রাতিষ্ঠানিকভাবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিও উঠেছে। কিন্তু এত প্রতিবাদ ও আন্তর্জাতিক চাপের পরও গাজায় ইসরাইলের হামলা বন্ধ হয়নি। বরং যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের প্রাণহানি, বাস্তুচ্যুতি ও মানবিক সংকট অব্যাহত রয়েছে। এ পরিস্থিতি আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার কার্যকারিতা এবং বিশ্বজুড়ে সংহতি আন্দোলনের সীমাবদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
গত ১২ নভেম্বর দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরাইল। এতে ছয়জন নিহত এবং আহত হন অসংখ্য ফিলিস্তিনি । নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন সাইফ আবু হাতাব। তিনি অস্ত্রোপচারের অপেক্ষায় ছিলেন। নিহত হন হাসপাতালটির সার্জারি চিকিৎসক রিজক আবু শাইরাও। আহত ব্যক্তিদের মধ্যে ছিলেন অন্য চিকিৎসক, রোগী ও তাদের স্বজনেরা।
হামলার পর বিভিন্ন মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের সংস্থা পরিচিত ভাষায় নিন্দা জানায়। সংবাদমাধ্যমেও ঘটনাটি প্রকাশিত হয়। কিন্তু ইসরাইলের বিরুদ্ধে উল্লেখযোগ্য রাজনৈতিক প্রতিক্রিয়া বা কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
তবে এতে কি বিস্মিত হওয়ার কিছু আছে? ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইসরাইল পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যব্যবস্থায় হামলা চালিয়ে সেটিকে কার্যত ভেঙে দিয়েছে। এরপর আরেকটি হাসপাতালে হামলা এবং রোগী ও তাদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের হত্যার ঘটনায় কেন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাবে?
তারপরও এ পরিস্থিতি আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা এবং গাজায় ইসরাইলের গণহত্যা মোকাবিলায় বিশ্বের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোলার সময়। একটি হাসপাতালে হামলা চালিয়ে রোগী ও তাদের চিকিৎসকদের হত্যা করা হচ্ছে, অথচ ঘটনাটি প্রায় কোনো প্রতিক্রিয়া ছাড়াই পার হয়ে যাচ্ছে—বিশ্ব কীভাবে এমন অবস্থায় পৌঁছাল?
গাজা নিয়ে বাড়ছে উদাসীনতা
গণহত্যার তিন বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদাসীনতা ও প্রতিক্রিয়াহীনতা বাড়ছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। আহত হয়েছেন ৫ হাজার ৮৩৩ জন। এ সময়ও গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয়কর অবস্থায় রয়েছে।
গাজার বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত। বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন কয়েক লাখ ফিলিস্তিনি। এর মধ্যে শীত আসার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরগুলো পানিতে তলিয়ে গেছে। যেসব পরিবার ইতিমধ্যে ঘরবাড়ি হারিয়েছে, তারা এখন শুকনো ও নিরাপদ জায়গায় রাত কাটানোর জন্যও সংগ্রাম করছে।
এসব পরিস্থিতি যে তৈরি হতে পারে, তা আগে থেকেই অনুমান করা সম্ভব ছিল। কিন্তু ইসরাইলের নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে অব্যাহত বাধা এবং অবকাঠামো ধ্বংসের কারণে ফিলিস্তিনিরা এমন পরিস্থিতির মুখে পড়েছেন, যা এড়ানো সম্ভব ছিল।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ফিলিস্তিনিরা এখন এসব দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন, অথচ আগের তুলনায় আন্তর্জাতিক মনোযোগ অনেক কম।
যুদ্ধবিরতির কারণে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয়তো শেষ হয়েছে। এর সুযোগে বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক নেতারা পুনর্বাসন ও শান্তির কথা বলছেন। অথচ ফিলিস্তিনিদের জীবন ও জীবিকার ওপর ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে।
ইসরাইলের নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক রাজনৈতিক মনোযোগ ক্রমেই দেশটির অভ্যন্তরীণ রাজনীতির দিকে সরে যাচ্ছে। আলোচনায় গুরুত্ব পাচ্ছে নির্বাচনি জোট এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনা।
যে সরকারের বিরুদ্ধে এত ধ্বংসযজ্ঞের অভিযোগ, তার পরিবর্তনের সম্ভাবনাকে অনেকে আশার বিষয় হিসেবে দেখছেন। সরকার পরিবর্তনে কিছুটা স্বস্তি আসতে পারে। তবে একে ফিলিস্তিনিদের জন্য বড় ধরনের পরিবর্তনের সূচনা হিসেবে দেখার ঝুঁকিও রয়েছে।
গাজা অবরোধ নেতানিয়াহু, ইতামার বেন-গভির কিংবা বেজালেল স্মোতরিচের আমলে শুরু হয়নি। ফিলিস্তিনিদের দখল ও উচ্ছেদের ইতিহাসও তাদের শাসনামলের আগের। বরং ইসরাইলের পরপর কয়েকটি সরকার এসব নীতি অনুসরণ ও বজায় রেখেছে। এর মধ্যে তুলনামূলক মধ্যপন্থি হিসেবে পরিচিত সরকারও রয়েছে।
কিন্তু ইসরাইলের পরবর্তী সরকার কে গঠন করবে, সেই আলোচনা যত বেশি গুরুত্ব পাচ্ছে, ফিলিস্তিনিদের জন্য কী পরিবর্তন আসবে—বিশেষ করে গাজার মানুষের জীবনে কী প্রভাব পড়বে—সেই প্রশ্ন ততই আড়ালে চলে যাচ্ছে।
গাজা নিয়ে ক্রমবর্ধমান উদাসীনতাকে শুধু সংবাদমাধ্যমের মনোযোগ কমে যাওয়া কিংবা মানুষের ক্লান্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না।
গণহত্যার প্রথম বছরেই লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন। শ্রমিকেরা সংগঠিত হয়েছেন। ইসরাইলের সঙ্গে সামরিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে বিভিন্ন প্রচারাভিযান জোরদার হয়েছে।
তখন গাজা ছিল বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। ইসরাইলের নৃশংসতার প্রমাণও ছিল সবার সামনে। তারপরও এসব প্রতিবাদ ও আন্দোলন গণহত্যা বন্ধ করতে পারেনি।
প্রতিবাদ হলেও আসেনি কার্যকর পরিবর্তন
এ বাস্তবতার মুখোমুখি হওয়া জরুরি। সমস্যাটি শুধু এই নয় যে মানুষ এখন গাজার পরিস্থিতির দিকে আগের মতো মনোযোগ দিচ্ছে না। দীর্ঘ সময় ধরে মানুষ পরিস্থিতি দেখেছে, প্রতিবাদ করেছে এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তারপরও বিশ্বের কয়েকটি ক্ষমতাধর সরকারের রাজনৈতিক ও সামরিক সমর্থন নিয়ে ইসরাইল হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে।
এর অর্থ এই নয় যে এসব আন্দোলনের কোনো গুরুত্ব ছিল না। বিশ্ববিদ্যালয়, শ্রমিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে ইসরাইলের সঙ্গে সম্পর্কের মাধ্যমে তাদের ভূমিকা ও দায় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার উদ্যোগও নেওয়া হয়েছে।
কিছু আন্দোলন সুনির্দিষ্ট পরিবর্তন আনতে পেরেছে। অন্যগুলো এখনো তাদের লক্ষ্য অর্জনে কাজ করছে। এসব লক্ষ্য পূরণে কয়েক বছরও লাগতে পারে।
রাজনৈতিক আন্দোলনের সব অর্জন রাতারাতি আসে না। শুধু তাৎক্ষণিক ফলাফল দিয়ে কোনো আন্দোলনের গুরুত্বও বিচার করা যায় না।
তবে এসব অর্জন স্বীকার করার পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিবাদের ব্যাপকতা এবং গাজার ফিলিস্তিনিদের বাস্তব পরিস্থিতির মধ্যে বিশাল ব্যবধানটিও উপলব্ধি করা প্রয়োজন।
গণহত্যার তিন বছর পার হয়েছে। ইসরাইলের নৃশংসতার অসংখ্য প্রমাণ নথিভুক্ত হয়েছে। গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে ব্যাপক জনমত তৈরি হয়েছে। আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াও চলছে। তারপরও সহিংসতা বন্ধ করার মতো যথেষ্ট পরিণতি ইসরাইলকে ভোগ করতে হয়নি।
অন্যদিকে তাঁবু, কম্বল, তোশকসহ জরুরি ত্রাণসামগ্রী নিয়ে ট্রাকগুলো গাজার বাইরে আটকে রয়েছে। ইসরাইলের বিধিনিষেধের কারণে এসব সামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না।
এ পরিস্থিতি গভীর উদ্বেগের দাবি রাখে। কারণ, বিশ্বজুড়ে আন্দোলন অর্থহীন ছিল—বিষয়টি তা নয়। বরং এসব আন্দোলন গণহত্যা বন্ধ করতে না পারার মধ্য দিয়ে এমন একটি বৃহত্তর রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার চিত্র সামনে এসেছে, যা এ ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখতে ভূমিকা রেখেছে।
সমস্যাটি এই নয় যে গাজায় কী ঘটছে, তা বিশ্ব বুঝতে পারেনি। বরং সেই জানা তথ্যকে সহিংসতা বন্ধের রাজনৈতিক সদিচ্ছায় রূপান্তর করা যায়নি।
আরো উদ্বেগের বিষয় হলো, ফিলিস্তিনিদের ব্যাপক প্রাণহানি কমে এলেই গাজা দ্রুত বিশ্ববাসীর মনোযোগ থেকে হারিয়ে যাচ্ছে। অথচ যে পরিস্থিতি এমন সহিংসতার পথ তৈরি করেছে, তার কোনো পরিবর্তন হয়নি।
ক্ষোভ ও প্রতিবাদের একমাত্র কারণ ব্যাপক হত্যাকাণ্ড হতে পারে না। একইভাবে নির্দিষ্ট সময়ে ফিলিস্তিনিদের দুর্ভোগ কতটা ভয়াবহ, তার ওপরও গাজার প্রতি আমাদের মনোযোগ নির্ভর করা উচিত নয়।
সংহতি হতে হবে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অঙ্গীকার
এখানেই আরেকটি কঠিন প্রশ্ন সামনে আসে। গণহত্যার তিন বছর পর, রাজনৈতিক ক্লান্তি এবং ব্যাপক আন্দোলন সত্ত্বেও সহিংসতা বন্ধ করতে না পারার বাস্তবতায় গাজার প্রতি সংহতির অর্থ কী? এক দিনে শত শত ফিলিস্তিনি নিহত না হলেও যখন ইসরাইলের বিমান হামলা, স্বাস্থ্যব্যবস্থার পতন এবং জীবনধারণের মৌলিক উপকরণ ধ্বংসের কারণে মানুষ মারা যাচ্ছেন, তখন কীভাবে এ সংহতি ধরে রাখা সম্ভব?
ফিলিস্তিনিদের আবার রাস্তায় নামাতে আরেকটি গণহত্যার প্রয়োজন হওয়া উচিত নয়। একইভাবে সংহতি বজায় রাখার জন্য প্রতিনিয়ত মৃত্যু ও ধ্বংসযজ্ঞের ছবি এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ সামনে আসারও প্রয়োজন নেই।
গত তিন বছর দেখিয়েছে, চমকে দেওয়া ঘটনা এবং ক্ষোভের সাময়িক বিস্ফোরণের ওপর নির্ভরশীল রাজনীতির সীমাবদ্ধতা রয়েছে।
এর অর্থ এই নয় যে বিক্ষোভের প্রয়োজন নেই। বরং সংহতিকে নির্দিষ্ট কোনো সহিংস ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অঙ্গীকারে পরিণত করার বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
যেসব পরিবর্তন আনতে কয়েক বছর লাগতে পারে, সেগুলোর জন্য কীভাবে সংগঠিত হওয়া যায়? একই সঙ্গে ফিলিস্তিনিদের জীবন রক্ষার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে—এমন বাস্তবতা কীভাবে মেনে না নেওয়া যায়? এখন পর্যন্ত অনুসরণ করা কৌশলগুলোর সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে কীভাবে রাজনৈতিক চাপ অব্যাহত রাখা সম্ভব?
এসব প্রশ্নের সহজ কোনো উত্তর নেই। কিন্তু আরেকটি গণহত্যা বা বড় হত্যাকাণ্ডের জন্য অপেক্ষা না করে এখনই এসব প্রশ্নের মুখোমুখি হওয়া প্রয়োজন। কারণ, তখনই কেবল গাজা আবার বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রে ফিরে আসবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
সংহতিকে শুধু ফিলিস্তিনিদের দুর্ভোগ প্রত্যক্ষ করার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এর সঙ্গে ফিলিস্তিনিদের রাজনৈতিক দাবিগুলোকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে যে পরিস্থিতি এই ধ্বংসযজ্ঞের পথ তৈরি করেছে, তার বিরুদ্ধেও অবস্থান নিতে হবে।
নাসের হাসপাতালে হামলার ঘটনাটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না। যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের হত্যা এবং বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির পানিতে তলিয়ে যাওয়ার ঘটনাও গ্রহণযোগ্য হতে পারে না।
টানা তিন বছর ধরে ভয়াবহ দুর্ভোগ প্রত্যক্ষ করার পর মানুষের ক্লান্ত হয়ে পড়া স্বাভাবিক। তবে এই ক্লান্তির অভিজ্ঞতা সবার জন্য এক নয়।
বিশ্বের কিছু মানুষের পক্ষে গাজার পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু গাজার ফিলিস্তিনিদের সেই সুযোগ নেই। বিশ্বের অন্যরা দেখা বন্ধ করে দিলেও তাদের প্রতিদিন সেই ধ্বংসযজ্ঞের মধ্যেই বেঁচে থাকতে হচ্ছে।
সংহতির অর্থ হতে পারে এই অসম বাস্তবতা উপলব্ধি করা। যাদের নিরাপত্তা ও স্বাধীনতা বেশি, তাদের উচিত রাজনৈতিক মনোযোগ ও উদ্যোগ ধরে রাখার দায়িত্ব আরো বেশি করে নেওয়া। পরিস্থিতির তাৎক্ষণিক উত্তেজনা কমে গেলেও এ দায়িত্ব থেকে সরে আসা উচিত নয়।
গণহত্যার তিন বছর পর প্রশ্নটি আর শুধু এই নয় যে কীভাবে গাজাকে আবার বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রে ফিরিয়ে আনা যায়। বরং বড় প্রশ্ন হলো, বিশ্ববাসীর মনোযোগের ওপর নির্ভর না করেই কীভাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতির রাজনৈতিক আন্দোলন অব্যাহত রাখা যায়।
এএম