হরমুজ প্রণালিতে চারটি সুপারট্যাংকারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
আইআরজিসি জানিয়েছে, দিনের শেষ ভাগে প্রণালির এমন একটি অংশ দিয়ে চলাচলের সময় দুটি সুপারট্যাংকার মাইনে আঘাত পেয়েছে, যে পথে চলাচলের অনুমতি দেয়নি ইরানি কর্তৃপক্ষ। ওই দুটি ট্যাংকারের প্রতিটিতে ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল ছিল।
এর আগে দিনের শুরুর দিকে একই ধরনের ঘটনায় আরো দুটি ট্যাংকার জড়িত ছিল। এর মধ্যে একটি প্রণালির দক্ষিণ দিকের এমন একটি পথে মাইনে আঘাত পায়, যেটিকে ইরান অননুমোদিত পথ হিসেবে বিবেচনা করে।
ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে হলে যেকোনো জাহাজ বা ট্যাংকারকে আগেই আইআরজিসির সঙ্গে সমন্বয় করতে হবে। বিশেষ করে প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এসব ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে শক্ত বার্তা দিতে চাইছে ইরান। বার্তাটি হলো, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতে এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও সেই নিয়ন্ত্রণ ছাড়ার কোনো পরিকল্পনা নেই তেহরানের।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বারবার করা এই দাবিকেও চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান যে, হরমুজ প্রণালি আসলে উন্মুক্ত রয়েছে এবং সেখানে আইআরজিসির নৌবাহিনীর উপস্থিতির কোনো লক্ষণ নেই।
এসব পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই দাবির বিপরীত চিত্র তুলে ধরার চেষ্টা করছে ইরান।
এএম