জরুরি নয় এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুথিদের হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস শুক্রবার এ তথ্য জানায়।
দূতাবাস জানিয়েছে, ২৩ অক্টোবর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। তবে কতজন কর্মী ও তাদের পরিবারের সদস্যকে এই নির্দেশের আওতায় আনা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
দূতাবাস আরো জানায়, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এখন থেকে সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহারের জন্য মার্কিন সরকারি কর্মীদের বিশেষ অনুমোদনের প্রয়োজন হবে।
দূতাবাস মার্কিন নাগরিকদের সতর্ক করে বলেছে যে, ভবিষ্যতে আরও হামলা, আকাশসীমা বন্ধ হওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। তাই তাদের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি এবং ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে লড়াই সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্রতর হয়েছে।
সূত্র: জিও নিউজ
আরএ