রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত পৌনে ১টার দিকে ভাড়া বাসা লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে এসআই সাজেদুল হক নামে ওই কর্মকর্তা আত্মহত্যা করেন বলে ধারণা পুলিশের।
সাজেদুল হক রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি তবলছড়ি পোস্ট অফিস কলোনির ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্ত্রী সাজেদার সঙ্গে সাজেদুলের তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে এবং বারবার ডাকাডাকির পরও দরজা না খোলায় স্ত্রী সাজেদা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন।
রাত পৌনে ১টার দিকে কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখান থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাজেদুলের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। এ সময় তার সঙ্গে ছিলেন দুই অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন এবং জসীম উদ্দীন।
পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, পারিবারিক কলহের জেরে সাজেদুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।