টাঙ্গাইলের গোপালপুর উপজেলার এক গৃহবধূ একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মধুপুর সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তিন পুত্রসন্তানের জননী ওই গৃহবধূর নাম সুবর্ণা (২৫)। তিনি গোপালপুর উপজেলার বরুরিয়া এলাকার লিটন মিয়ার (৩০) স্ত্রী। সুবর্ণার বাবার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চিকিৎসা নেওয়ার পর একসঙ্গে তিন পুত্রসন্তানের বাবা হতে পেরে অত্যন্ত আনন্দিত লিটন মিয়া। তিন সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। নবজাতকদের দেখতে হাসপাতাল ও পরিবারের বাড়িতে স্বজনদের ভিড় জমে।
হাসপাতাল সূত্রে জানা যায়, অস্ত্রোপচার ও চিকিৎসাসেবার দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. কোহিনুর আক্তার, শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহেব আলী এবং ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।
চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
একসঙ্গে তিন পুত্রসন্তানের আগমনে লিটন ও সুবর্ণার পরিবারে বইছে আনন্দের বন্যা। দীর্ঘ প্রতীক্ষার পর একসঙ্গে তিন সন্তানের মুখ দেখতে পেয়ে আনন্দিত পরিবারের সদস্য ও স্বজনরা।
এমএইচ