ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার শিতলী ক্যানাল পাড়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন (৩৫) উপজেলার রামচন্দ্রপুর কাদিখালী গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমগীর গ্রামের বিভিন্ন বাড়িতে ব্যাটারিচালিত পাখি ভ্যানে ফেরি করে পোল্ট্রি মুরগির বাচ্চা বিক্রি করতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মুরগির বাচ্চা কিনতে পাখি ভ্যানে উপজেলা শহরে যাচ্ছিলেন। শিতলী ক্যানালপাড়ায় আসার পর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে হরিনাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
হরিনাকুণ্ডু থানার ওসি তদন্ত অসিত কুমার রায় জানান, বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম