হোম > ফিচার > তারুণ্য

শ্রমের দামে বোনা জীবনের স্বপ্ন

মনির খান

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়ালে চোখে পড়ে একটি ছোট্ট খাবারের স্টল ‘দ্য মুঘল টেবিল’। দুটি টেবিলের ওপর খাবার সামগ্রী সাজানো, সঙ্গে রয়েছে কাস্টমারদের বসার ব্যবস্থা। পাশেই আছে পানির ব্যবস্থা। স্বাদে ও ভালো ব্যবহারে এর পরিচিতি ছড়িয়ে পড়েছে গোটা ক্যাম্পাসে। এই স্টলের পেছনে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সম্রাট আকবর।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই সম্রাটের মনে ছিল—নিজের খাবারের স্টল দেবেন ক্যাম্পাসে। ২০২৪ সালের বিজয় দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়ে এক ছাত্রের দোকান দেখে অনুপ্রাণিত হন তিনি। ক্যাম্পাসে ফিরে আসার পর সঙ্গী খুঁজতে শুরু করেন। তবে সৌভাগ্য সঙ্গে ছিল না। এরপর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ইংরেজি বিভাগের বন্ধু ইমন যশোর থেকে ফুল এনে বিক্রি করতে আসেন ক্যাম্পাসে। সম্রাটও তার সঙ্গে যোগ দেন। সেদিনই ক্যাম্পাসে পরিচিত হন ‘ফুলওয়ালা সম্রাট’ নামে।

ভালোবাসা দিবসেই পরিচয় হয় সাইমা জাহান বৃষ্টি নামে এক শিক্ষার্থীর সঙ্গে। দুদিন পর তাকে চায়ের দাওয়াত দিয়ে বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করেন সম্রাট। আলোচনা থেকে জন্ম নেয় নতুন উদ্যোগ—দোসা ও ডাল-মাংস ভুনা।

মাত্র ৭৬৫ টাকা ধার নিয়ে শুরু করা সেই ছোট্ট দোকানে প্রথম দিনেই সাড়া পান। দুটি দোসা, ডাল-মাংস ভুনা ও টমেটো চাটনি মিলিয়ে দাম রাখা হয় মাত্র ৪০ টাকা। তিনটি দোসার সেট মাত্র ৫০ টাকা; দাম যেমন সাধ্যের মধ্যে, স্বাদ তেমনি মনভোলানো। ছোলা প্লেটপ্রতি ২০ টাকা থেকে শুরু করে চাহিদা অনুযায়ী বিক্রি শুরু করেন তারা।

রমজান, ঈদ ও পরীক্ষার কারণে ব্যবসা মাঝেমধ্যে বন্ধ থাকলেও শিক্ষার্থীদের ভালোবাসায় এটি হয়ে ওঠে ক্যাম্পাসের পরিচিত নাম। ব্যবসার পরবর্তী ধাপে ইংরেজি বিভাগের ইমন এবং পরে লোকপ্রশাসন বিভাগের ইমরুল হাসান যুক্ত হন সম্রাটের সঙ্গে।

তবে এই পথচলা খুব সহজ ছিল না; পরিবারের বাধাও এসেছে। সম্রাট জানান, ‘আমার পরিবার চায় আমি সরকারি চাকরি করি। কিন্তু আমি হালাল পথে মুক্তভাবে উপার্জন করতে চাই, যেখানে আমি নিজেকে খুঁজে পাই।’

আজ সম্রাট শুধুই উদ্যোক্তা নন, এক অনুপ্রেরণা, যিনি স্বপ্ন দেখেন এবং নিজের পরিশ্রম দিয়ে তাকে বাস্তবায়িত করেন; লক্ষ্য—আগামী এক বছরে ব্যবসাকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়া। তার গল্প আমাদের শেখায়—সাফল্যের শুরু বড় পুঁজি নয়, বড় ভাবনা। যারা চাকরির বাইরে কিছু করতে চান, তারা এই তরুণের গল্পে খুঁজে পাবেন সাহসের রসদ।

জুলাই মেমোরিজ বিস্মৃতির বিরুদ্ধে এক ডিজিটাল আর্কাইভ

ভিন্নধারার বৈশাখ

উপকূল-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার গল্প

এক চোখে দেখা স্বপ্ন

শীতের রিক্ততা মুছে এসে গেছে বসন্ত

যেভাবে রাজনীতির লাইমলাইটে ওসমান হাদি

নির্বাচনে কারা প্রার্থী হতে বা ভোট দিতে পারবেন না

সদ্য সমাপ্ত নতুন কুঁড়ি প্রতিযোগিতা : বহুমাত্রিক বিশ্লেষণ ও মূল্যায়ন

বই মানুষের প্রকৃত বন্ধু

‘কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ শিখতে জাপানে