পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর ও এক নারী পথচারী আহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন ময়লা পয়েন্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাশিপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, সকালে জিসান, রাব্বি (১৮) ও আবির (১৬) একটি মোটরসাইকেলে করে কুয়াকাটা এলাকায় ঘুরতে বের হয়। পথে লেম্বুরবন ময়লা পয়েন্ট এলাকায় পৌঁছালে হঠাৎ এক নারী পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলচালক জিসান নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজন এবং পথচারী মিম গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি ও আবিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত পথচারী মিমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
কুয়াকাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে জিসানকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।